রাশিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে ১২ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার উত্তর ককেশাসে দুটি গাড়িবোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০০ জনের বেশি। কর্মকর্তারা গতকাল শুক্রবার এ তথ্য জানান। বিক্ষুব্ধ ওই অঞ্চলে গত কয়েক মাসের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা।তদন্তকারী দলের সদস্যরা জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টার কিছু পর উত্তর ককেশাসের প্রধান শহর দাগেস্তানের মাখাচকালার উপকণ্ঠে একটি পুলিশ ফাঁড়ির কাছে প্রথম গাড়িবোমার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে নিকটবর্তী কয়েকটি ভবন ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বিস্ফোরণের পর ঘটনাস্থলে পুলিশ সদস্য, উদ্ধারকর্মী ও পথচারীরা ভিড় জমালে ১৫ মিনিটের ব্যবধানে দ্বিতীয় বিস্ফোরণটি সংঘটিত হয়।তদন্তকারীরা আরও জানান, দ্বিতীয় বিস্ফোরণে সাত পুলিশ, তিন উদ্ধারকর্মী ও দুই স্থানীয় বাসিন্দা নিহত হন। আহত হন ১০০ জনের বেশি।রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, জরুরি বিভাগের সদস্য ও নিরাপত্তাকর্মীদের জড়ো করতেই অপেক্ষাকৃত কম শক্তিশালী প্রথম বিস্ফোরণটি ঘটানো হয়।কর্মকর্তারা বলেন, ককেশাসকে ইসলামি রাষ্ট্রে পরিণত করার লক্ষ্য নিয়ে ক্রেমলিনের বিরুদ্ধে লড়াইরত জঙ্গিরাই এ হামলা চালাতে পারে। এএফপি।