রাশিয়ায় দাবানল-পরিস্থিতি ভয়াবহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার পশ্চিমাঞ্চলে দাবানল ভয়াবহ রূপ নিয়েছে। এ দুর্যোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। গত শুক্রবার ছড়িয়ে পড়া ভয়াবহ ওই দাবানলে বিস্তীর্ণ বনাঞ্চল ও বহু গ্রাম পুড়ে ছাই হয়ে গেছে। সাতটি প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সরকার বলছে, কোনো কোনো এলাকায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। মধ্য ও পশ্চিমাঞ্চলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। গতকাল বুধবার এক বিবৃতিতে জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এর আগের ২৪ ঘণ্টায় ৪০৩টি নতুন এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। তবে ২৯৩টি স্থানের আগুন নেভানো গেছে। উদ্ধার তৎপরতা ও আগুন নেভানোর কাজে দমকল বাহিনীর প্রায় ১০ হাজার কর্মীকে সহযোগিতা করছেন হাজার হাজার সেনা ও স্বেচ্ছাসেবকেরা। দাবানল ১২টির বেশি প্রদেশে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে সাতটি রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।কর্মকর্তারা জানান, দাবানল থেকে আগুন লেগে গত সপ্তাহে মস্কোর বাইরে নৌবাহিনীর একটি গুদামে যুদ্ধ সরঞ্জামের ব্যাপক ক্ষতি হয়েছে।প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সঙ্গে এক বৈঠকে জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রী সের্গেই সোইগু সতর্ক করে দিয়ে বলেন, পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। তিনি বলেন, উদ্ধারকর্মীরা দাবানল থেকে ৩৬০টি জনবহুল এলাকা রক্ষা করেছে। কিন্তু কোনো কোনো স্থানে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এএফপি, বিবিসি।