রাশিয়ায় নীরবেই পালিত হলো শ্রমিক নিপীড়নের ৫০তম বার্ষিকী
অনেকটা নীরবেই সোভিয়েত আমলে সংঘটিত শ্রমিক নিপীড়নের ৫০তম বার্ষিকী গতকাল শনিবার পালন করেছে রাশিয়া। তবে দিবসটি পালনে রাষ্ট্রীয় কোনো কর্মসূচি ছিল না।১৯৬২ সালের ২ জুন সোভিয়েত রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর নোভোচারকাসকের একটি কারখানার শ্রমিকেরা কাজের পরিবেশ উন্নত করা এবং বাজারদরের সঙ্গে ভারসাম্য রেখে মজুরি বৃদ্ধির দাবিতে রাজপথে ব্যাপক বিক্ষোভ শুরু করে। ওই বিক্ষোভে নারী, শিশুসহ সাধারণ মানুষও অংশ নেয়।কিন্তু বিক্ষোভে অংশ নেওয়া মানুষের ওপর নির্বিচারে গুলি চালায় সোভিয়েত সেনারা। এতে ২৬ জন নিহত হয়। এদের মধ্যে শিশুও রয়েছে।সেনাদের গুলিতে আহত হয় অসংখ্য মানুষ। গ্রেপ্তার হয় কয়েক শ ব্যক্তি। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে পরে বিচারে সাতজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অন্যদের ১০ থেকে ১৫ বছরের জন্য বিভিন্ন মেয়াদে সাজা হয়। তবে সমাজতন্ত্রের অবসানের পরও রাশিয়া দিবসটি পালনে খুব একটা আগ্রহ দেখায় না। ঐতিহাসিক এ ঘটনা স্মরণে গতকাল মস্কোতে সাদামাটাভাবে কর্মসূচি পালিত হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় টিভি অত্যন্ত দায়সারাভাবে দিবসটির সংবাদ প্রচার করেছে। শ্রমিক নিপীড়নের ঐতিহাসিক ঘটনাটি এখন রাশিয়ায় ‘নোভোচারকাসক ট্র্যাজেডি’ নামে পরিচিত। এএফপি।