রাশিয়ায় পারমাণবিক জাহাজে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়া একটি পারমাণবিক ডুবোজাহাজে লাগা আগুন গতকাল শুক্রবার নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। গতকাল দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানিয়ে বলা হয়, এ ঘটনায় তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই। কিছু ক্রু এখনো ওই ডুবোজাহাজে রয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে নৌবাহিনীর পোতাশ্রয়ে থাকা ওই ডুবোজাহাজের কিছু অংশ পানিতে ডুবিয়ে দেওয়া হয়। আগুন নেভাতে গিয়ে গুরুতর আহত নয়জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।নরওয়ের কাছাকাছি রাশিয়ার উত্তরাঞ্চলীয় মারমানস্ক পোতাশ্রয়ে ১১ হাজার ৭৪০ টনের ইয়েকাতেরিনবার্গ নামের ডুবোজাহাজটির মেরামতকাজ চলছিল। গত বৃহস্পতিবার এর কাঠামোতে আগুন ধরে যায়। আগুনের শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। এই আগুন নেভাতে নাবিক ও নৌবাহিনীর আগুন নেভানোর কর্মীরা রাতভর চেষ্টা চালান। এ সময় হেলিকপ্টার ও টাগবোট থেকে ওই ডুবোজাহাজে পানি ছিটানো হয়। টেলিভিশনে প্রচারিত দৃশ্যে দেখা যায়, শতাধিক কর্মী আগুন নেভানোর চেষ্টা করছেন। গতকাল মস্কো থেকে আগুন নেভানোর অভিযানে নেতৃত্ব দেওয়া জরুরি মন্ত্রী সার্গেই সোইগু আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে ঘোষণা দেন।অগ্নিকাণ্ডের নয় ঘণ্টা পর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এখন আর কোনো শিখা জ্বলছে না। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে নৌযানটি আংশিকভাবে ডোবানো হয়েছে। একটি সূত্র জানায়, শিপইয়ার্ডের সাতজন কর্মী ও জরুরি মন্ত্রণালয়ের দুই ব্যক্তি আগুন নেভানোর চেষ্টা করার সময় আহত হন। এএফপি ও রয়টার্স।