রাশিয়ায় পার্লামেন্টের বিরোধীদলীয় সদস্য গুদকভকে বহিষ্কার
রাশিয়ার পার্লামেন্টের বিরোধীদলীয় সদস্য গেন্নাদি গুদকভকে বহিষ্কার করা হয়েছে। পার্লামেন্টে এক ভোটাভুটির মাধ্যমে গত শুক্রবার এ পদক্ষেপ নেওয়ার পর গুদকভ পার্লামেন্ট ছেড়ে যান। গুদকভ এ ঘটনাকে ক্রেমলিনের ‘রাজনৈতিক প্রতিশোধের’ সর্বশেষ দৃষ্টান্ত বলে উল্লেখ করে নিন্দা জানিয়েছেন। দেশটিতে সমালোচনাকারীদের বিরুদ্ধে ১৯৩০-এর দশকে স্তালিনের নেতৃত্বাধীন সরকার এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিত। পার্লামেন্টে গুদকভকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে শুক্রবার তুমুল হট্টগোল হয়। ভোটাভুটির আগে দেওয়া আবেগঘন এক বক্তব্যে গুদকভ ক্রেমলিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন এবং সরকারবিরোধীদের গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি এবং বিক্ষোভের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের সমালোচনা করেন। সমাজতন্ত্রী দল জাস্ট রাশিয়ার প্রার্থী হিসেবে পার্লামেন্ট সদস্যপদে তিন দফায় নির্বাচিত হয়েছিলেন গুদকভ। পার্লামেন্টে তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবচেয়ে কঠোর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন। তিনি পার্লামেন্টের সদস্যপদে থাকা অবস্থায় নিয়ম লঙ্ঘন করে ব্যবসায় যুক্ত ছিলেন বলে আইনজীবীরা অভিযোগ করেন।পুতিনবিরোধী বিক্ষোভ: গতকাল মস্কোয় বিরোধী দল পুতিনবিরোধী ব্যাপক বিক্ষোভ করেছে। গত তিন মাসের মধ্যে এটি ছিল সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভ। ওয়াল স্ট্রিট জার্নাল।