রাশিয়ায় পুতিনবিরোধী বিক্ষোভে লেখকেরা
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে মস্কোয় গতকাল রোববার বিক্ষোভ করেছে প্রায় ১০ হাজার মানুষ। দেশের বেশ কয়েকজন লেখকও ওই বিক্ষোভে অংশ নেন। পুতিন তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে গত সপ্তাহে শপথ নেওয়ার পর রাশিয়ায় এটিই সবচেয়ে বড় বিক্ষোভ।পুলিশ ওই বিক্ষোভে রাজনৈতিক স্লোগান উচ্চারণ ও প্ল্যাকার্ড ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশ দিলে সমাবেশের আয়োজকেরা বলেন, ‘এটি নাগরিক পদযাত্রা, সরকারবিরোধী বিক্ষোভ নয়।’ এ সময় পুলিশ কয়েকটি সড়ক সাময়িকভাবে বন্ধ করে দেয়। বিক্ষোভকারীরা মস্কোর বিখ্যাত বুলেভার্ড চত্বরের দিকে অগ্রসর হয়। পদযাত্রার অনুমতি না থাকা সত্ত্বেও বিক্ষোভকারীদের প্রতি পুলিশ আগের তুলনায় গতকাল বেশ সহনশীল আচরণ করে।পুলিশের দাবি, বিক্ষোভে দুই হাজার লোক অংশ নেয়। তবে বিক্ষোভকারী ও সাংবাদিকেরা জানান, বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ১০ হাজার। বিক্ষোভে অংশ নেন রুশ ঔপন্যাসিক বরিস আকুনিন। তিনি বিখ্যাত লেখক আলেক্সান্দর পুশকিন ও আলেক্সান্দর গ্রিবয়েদভের সমাধিসৌধ অভিমুখে পদযাত্রার অংশগ্রহণের জন্য ব্লগের মাধ্যমে আহ্বান জানান। এ ছাড়া বিক্ষোভে অংশ নেন কবি ও লেখক দিমিত্রি বাইকভ, সংগীতশিল্পী আন্দ্রেই মাকারেভিচ, ঔপন্যাসিক লিউদমিলা উলিতস্কায়া প্রমুখ। তাঁরা বিভিন্ন বইয়ে স্বাক্ষর ও অটোগ্রাফ দেন।দিমিত্রি বাইকভ বলেন, এটা দেখতে ভালো লাগছে যে রাশিয়ার মানুষ পড়ে এবং লেখকদের ডাকে সাড়া দেয়। এএফপি।