রাশিয়ায় পুতিনবিরোধী বিক্ষোভে হাজার হাজার মানুষ
রাশিয়ার রাজধানী মস্কোতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গতকাল শনিবার বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। পুতিনের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী কোনো চ্যালেঞ্জ দাঁড় করানোর সক্ষমতা বিরোধীদের আছে সেই পরীক্ষা হিসেবে দেখা হয় গতকালের ওই বিক্ষোভকে।মস্কোর কেন্দ্রস্থলে আয়োজিত বিরোধীদের ওই কর্মসূচিতে বিক্ষোভকারীরা সাদা বেলুন নিয়ে এবং সাদা ফিতা মাথায় বেঁধে যোগ দেন। এই সাদা বেলুন ও সাদা ফিতা হচ্ছে প্রতিবাদের প্রতীক। গত ৪ ডিসেম্বর বিতর্কিত পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দল জীয় হয়। তখন বিরোধীরা নির্বাচনে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে সাদা বেলুন হাতে নিয়ে ও সাদা ফিতা পরে বিক্ষোভ দেখায়। আর ৪ মার্চের প্রেসিডেন্ট নির্বাচনেও জালিয়াতি হয়েছে বলে অভিযোগ করছে পুতিনবিরোধীরা। ওই নির্বাচনে জয়ী হয়েছেন পুতিন।পুতিনবিরোধীরা আশা করেছিলেন, বিক্ষোভে আরও অনেক মানুষ অংশ নেবে। কিন্তু গত সোমবারের বিক্ষোভের আগে ও পরে কয়েক শ বিরোধী কর্মীকে ধরপাকড় করায় গতকালের বিক্ষোভে প্রত্যাশা অনুযায়ী লোকসমাগম হয়নি। বিশেষ করে তিন মাস ধরে বিরোধীরা একের পর এক যে ধরনের বড় বড় বিক্ষোভ করেছে গতকালের বিক্ষোভ ছিল সেই তুলনায় ছোট। বিক্ষোভে যোগদানকারীদের মধ্যেও তেমন উৎসাহ ছিল না। সবার মধ্যে ঢিলেঢালা ভাব।বিরোধী নেতারা যখন বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে ওঠেন তখন কর্মীরা স্লোগান দিতে থাকেন, ‘নতুন নির্বাচন চাই, দিতে হবে’, ‘দেশে নির্বাচন হয়নি, তিনি প্রেসিডেন্ট নন’।সমাবেশের বক্তৃতায় বিরোধীদের নেতা ভ্লাদিমির রজকভ বলেন, ‘দেশের সরকার অবৈধ। সেই একই মানুষ ক্ষমতায়, যারা আমাদের পছন্দের অধিকার কেড়ে নিয়েছে। সেই একই মানুষ, যারা মানুষের বাকস্বাধীনতা ও রাজনৈতিক প্রতিযোগিতার অধিকার হরণ করেছে।’ভ্লাদিমির রজকভ বলেন, ‘ব্যাপক রাজনৈতিক সংস্কার ও নির্বাচনের দাবি আমরা করেই যাব। সব রাজনৈতিক বন্দীকে মুক্তি এবং মানুষের কথা বলার ও গণমাধ্যমের স্বাধীনতার দাবিও অব্যাহত থাকবে।’ রয়টার্স।