রাশিয়ায় পৃথক ঘটনায় ছয় 'জঙ্গি' নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গ শহরে বিশেষ বাহিনীর অভিযান ও রাজধানী মস্কোর কাছে বন্দুকধারীদের হামলার পর নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে অন্তত ছয় ‘জঙ্গি’ নিহত হয়েছে।

সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা বলেন, প্রথম ঘটনায় সেন্ট পিটার্সবুর্গে একটি ফ্ল্যাটবাড়িতে উত্তর ককেশাস অঞ্চলের বিদ্রোহীদের খোঁজে অভিযান চালান রুশ বিশেষ বাহিনীর সদস্যরা। এতে নিহত হয় চার ‘জঙ্গি’। রাশিয়া উত্তর ককেশাস অঞ্চলে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়ছে। তবে সেন্ট পিটার্সবুর্গে এ ধরনের অভিযান বিরল ঘটনা।

আরেক ঘটনায় রাজধানী মস্কো থেকে ২০ কিলোমিটার পূর্বে বালাশিখা এলাকায় শেলকোভস্কয় মহাসড়কে ট্রাফিক পুলিশের ওপর হামলা চালায় দুই বন্দুকধারী। নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে হামলাকারী দুজন নিহত হয়। তারাও উত্তর ককেশাসের বিদ্রোহী বলে মনে করা হচ্ছে।

রুশ গোয়েন্দা বাহিনী এফএসবি বলেছে, উত্তর ককেশাস অঞ্চলে ‘অবৈধ সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতায় জড়িত তালিকাভুক্ত ব্যক্তিদের’ ধরতে সেন্ট পিটার্সবুর্গে অভিযান চালানো হয়। এ সময় ‘অপরাধীরা’ অভিযান প্রতিহত করার চেষ্টা চালালে পাল্টা গুলি করে তাদের হত্যা করা হয়।

গণমাধ্যমের খবরে বলা হয়, অভিযানে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে।