রাশিয়ায় বিরোধী নেতা উদালস্তভের বিচার শুরু
রাশিয়ায় কট্টরপন্থী বিরোধীদলীয় নেতা সের্গেই উদালস্তভের বিচার কার্যক্রম গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। তিনি দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শাসনব্যবস্থাকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বহুদলীয় রাজনীতির সমর্থক সাবেক আইনপ্রণেতা ও ব্যবসায়ী গিভি তারগামাদজে থেকে আর্থিক সহায়তা নিয়েছেন বলে অভিযোগ আনা হয়।
বহুল আলোচিত ওই মামলার বিচার শুরু হয় রাজধানী মস্কোর একটি আদালতে। প্রেসিডেন্ট পুতিন ২০১২ সালের মে মাসে তৃতীয় মেয়াদে দায়িত্ব নেন। তখন দেশজুড়ে তাঁর বিরুদ্ধে তরুণদের অংশগ্রহণে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেন। ওই বিরোধীদের দমনে উদালস্তভকে বিচারের মুখোমুখি করা হয়েছে বলে ধারণা করা হয়।
ব্যাপক অস্থিরতা তৈরি এবং ‘রাশিয়ার সামাজিক-রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল’ করার অভিযোগে ৩৭ বছর বয়সী উদালস্তভ ও তাঁর সহযোগী লেওনিদ রাজভোঝায়েভের ১০ বছর পর্যন্ত সাজা হতে পারে। উদালস্তভের আইনজীবী ভায়েলেত্তা ভলকোভা বলেন, উদালস্তভ পুরোপুরি একজন শান্তিপ্রিয় রাজনীতিক। বর্তমান সরকার রাজনৈতিক বিরোধীদের দমন-পীড়নের কৌশল নিয়েছে।
উদালস্তভ গত বছরের ফেব্রুয়ারি থেকে কারাবন্দী। তিনি তারগামাদজের কাছ থেকে অর্থ নেওয়ার বিষয়টি কখনোই অস্বীকার করেননি। তবে অন্যান্য অভিযোগ ‘অসত্য’ দাবি করে উদালস্তভ বলেন, অস্থিতিশীলতা তৈরি নেপথ্যে তাঁর জড়িত থাকার প্রমাণ নেই। এএফপি।