রাশিয়ায় বিরোধী নেতার বিরুদ্ধে মামলা ফের চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা গতকাল বুধবার নতুন করে চালু করা হয়েছে। মামলায় দোষী সাব্যস্ত হলে নাভালনিকে ১০ বছর কারাদণ্ড ভোগ করতে হবে।নাভালনি অভিযোগ করেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইঙ্গিতে তাঁর বিরুদ্ধে অর্থ আত্মসাতের সাজানো মামলা করা হয়েছে।৩৬ বছর বয়সী নাভালনি পুতিনবিরোধী বিক্ষোভে সবচেয়ে বড় ক্যারিশমেটিক নেতা হিসেবে আবির্ভূত হন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, রাশিয়ার উত্তরাঞ্চলীয় শহর কাইরভের একটি কাঠ ও আসবাবপত্র নির্মাণ প্রতিষ্ঠানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় একটি চুক্তিতে আঞ্চলিক সরকারের পাঁচ লাখ মার্কিন ডলারের ক্ষতি করেছেন। কাইরভের একটি আদালতে গত সপ্তাহে নাভালনির বিরুদ্ধে এই মামলা চালু হয়। তবে নাভালনির আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে দ্রুত তা মুলতবি করা হয়। আইনজীবীদের আবেদনে বলা হয়, মামলার অভিযোগগুলো খতিয়ে দেখতে তাঁদের আরও কিছু সময় প্রয়োজন।আদালতে গতকাল শুনানির সময় অন্তত ১০০ সাংবাদিক ও বিরোধী দলের নেতা-কর্মী উপস্থিত হন। নাভালনি আদালতে বলেন, ‘আমাদের দাবি যৌক্তিক। বর্তমান অবস্থায় মামলাটি চলতে পারে না, এটি এখনো অগোছালো অবস্থায় রয়েছে।’ নাভালনি নিজেও একজন আইনজীবী। তবে গত সপ্তাহে মামলা শুরুর সময় তিনি যেমন খোশমেজাজে ছিলেন, গতকাল তাঁকে সেই মেজাজে দেখা যায়নি।নাভালনির বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগের তদন্ত চলছে। এর যেকোনো একটিতে দোষী সাব্যস্ত হলে তিনি আর নির্বাচনে অংশ নিতে পারবেন না।নাভালনি গত সপ্তাহে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে দেওয়া এক বার্তায় দাবি করেন, ‘এটা সুস্পষ্ট, এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। নিরপেক্ষ আদালতে গেলে আমার বিরুদ্ধে সব অভিযোগ ভিত্তিহীন বলে প্রমাণ হবে।’নাভালনির অনুসারীরা তাঁর বিরুদ্ধে অভিযোগপত্রের পুরো কপি অনলাইনে প্রকাশ করেছেন। তাঁরা নাভালনির বিরুদ্ধে সব অভিযোগকেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।নাভালনির সঙ্গে কাইরভের সংশ্লিষ্ট কোম্পানির প্রধানকেও এই মামলায় আসামি করা হয়েছে।নাভালনির সহযোদ্ধা বিরোধী দলের নেতা ইলা ইয়াসিন কাইরভ সাংবাদিকদের বলেন, নাভালনিকে আসলে কোনো চুক্তির কারণে বিচারের মুখোমুখি করা হয়নি...বিরোধীদলীয় নেতা বলেই তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। পুতিনের প্রধান প্রতিদ্বন্দ্বী হওয়ার কারণেই তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গত সোমবার বলেন, বিরোধী দলের কোনো নেতাকে লক্ষ্যবস্তু করে মামলা করা হয়নি। এএফপি।