রাশিয়ায় রিগডুবির ঘটনায় ১৬ জনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার সাখালিন দ্বীপের কাছে ওখোতস্ক সাগরে একটি তেল উত্তোলনকারী রিগ ডুবে যাওয়ার ঘটনায় ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। দেশটির কেন্দ্রীয় সমুদ্র ও নদী সংস্থা গতকাল সোমবার এ তথ্য জানায়। এখনো নিখোঁজ থাকা আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কর্তৃপক্ষ তাঁদের জীবিত উদ্ধারের ব্যাপারে এখনো আশাবাদী। রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলীয় খাবারভস্ক শহরে অবস্থানকারী পরিবহন আইনজীবীদের আঞ্চলিক মুখপাত্র নাতালিয়া সালকিনা বলেন, অলৌকিক কিছু ঘটে যাওয়ার আশা করছেন তাঁরা।কামচাটকা উপদ্বীপ থেকে নিয়ন্ত্রিত কোলস্কায়া নামের ওই রিগটি গত রোববার ঝড়ের কবলে পড়ে ৬৭ আরোহীসহ সাখালিন দ্বীপের কাছে অন্তত তিন হাজার ফুট গভীর সমুদ্রে ডুবে যায়।কোলস্কায়ার ১৪ জন ক্রুকে রোববার জীবিত উদ্ধার করা হয়। ঝোড়ো হাওয়া ও সামুদ্রিক ঢেউয়ের কারণে বিঘ্নিত হলেও জরুরি উদ্ধারকর্মীদের তৎপরতা সারা রাত অব্যাহত ছিল। এএফপি।