রাশিয়ায় রেল স্টেশনে আত্মঘাতী হামলা, নিহত ১৮

দক্ষিণ রাশিয়ার ভোলগোগ্রাদ শহরের একটি রেলস্টেশনে আজ রোববার আত্মঘাতী বোমা হামলায় ১৮ জন নিহত এবং অনেকে আহত হয়েছে।
বিবিসি জানিয়েছে, ভোলগোগ্রাদ শহরে স্থানীয় সময় ১২টা ৪৫ মিনিটে এই ঘটনা ঘটে। হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। তদন্তকারী কমিটির মুখপাত্র ভ্লাদিমির মারকেন বিবিসিকে বলেন, এই হামলাকে সন্ত্রাসবাদের সঙ্গে সরাসরি সম্পর্কিত হিসেবে তাঁরা বিবেচনা করছেন।
রাশিয়ার সন্ত্রাসবাদবিরোধী কমিটির ধারণা, একজন আত্মঘাতী নারী এই হামলা করেছেন। সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, স্টেশনের প্রবেশপথে স্থাপন করা মেটাল ডিটেকটরের কাছে বোমা হামলাটি চালানো হয়েছে।
আগামী ফেব্রুয়ারিতে সোচিতে শুরু হচ্ছে ২০১৪ সালের শীতকালীন অলিম্পিক। এ বিশাল কর্মযজ্ঞের আগে এ ধরনের আত্মঘাতী বোমা হামলায় উদ্বেগ প্রকাশ করেছে মস্কো। গত জুলাইতে বিদ্রোহী চেচেন নেতা দুকো উমারভ এক ভিডিওবার্তায় জানিয়েছিলেন, শীতকালীন অলিম্পিক আয়োজন প্রতিরোধ করতে ‘সর্বোচ্চ শক্তির’ প্রয়োগ করা হবে।
গত অক্টোবরে মাসে ভোলগোগ্রাদ শহরের একটি বাসে এই ধরনের আত্মঘাতী বোমা হামলায় ছয়জন আরোহী মারা গিয়েছিল।