রাশিয়ায় সমাবেশের আগে বিরোধীদের বাড়িতে তল্লাশি
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনবিরোধী শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতার বাসভবনে গতকাল সোমবার তল্লাশি চালিয়েছে পুলিশ ও তদন্ত সংস্থার লোকজন। রাশিয়ার কেন্দ্রীয় তদন্ত কমিটির ওয়েবসাইটে বলা হয়েছে, মস্কোতে বিরোধী দলের গুরুত্বপূর্ণ যেসব নেতার বাসভবনে (অ্যাপার্টমেন্ট) তল্লাশি চালানো হয়েছে, তাঁদের মধ্যে অ্যালেক্সি নাভালনি, সের্গেই উদাল্টসভ এবং কাসেনা সোবচাক রয়েছেন। এর মধ্যে সোবচাক প্রেসিডেন্ট পুতিনের কড়া সমালোচক হিসেবে পরিচিত। বিরোধী দলের ডাকা রাজধানী মস্কোতে সরকারবিরোধী প্রতিবাদ সমাবেশের মাত্র এক দিন আগে এই তল্লাশি অভিযান চালানো হলো। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর পুতিনের বিরুদ্ধে আজ মঙ্গলবার বড় ধরনের বিক্ষোভ মিছিল ও জনসমাবেশের পরিকল্পনা ছিল বিরোধী রাজনীতিকদের। সমাবেশে ৫০ হাজারের বেশি মানুষ উপস্থিত হবে বলে আশা ছিল বিরোধী নেতাদের। রাশিয়ার প্রধান গোয়েন্দা সংস্থা জানায়, গত ৭ মে প্রেসিডেন্ট পুতিনের শপথ অনুষ্ঠানের আগের দিন মস্কোতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। ওই দিন পুলিশের ওপর হামলায় সম্পৃক্ত থাকার অভিযোগে ১০ ব্যক্তির বাসভবনে তল্লাশি চালানো হয়েছে। সেদিনের ঘটনায় জনবিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ প্রমাণিত হলে নাভালনিসহ ওই ১০ ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড হতে পারে।দুর্নীতিবিরোধী ব্লগার এবং রাজনৈতিক আন্দোলনের সংগঠক নাভালনি তল্লাশি চালানোর সময় তাঁর বাসভবনে ছিলেন না। ওই সময় ভিন্ন একটি জায়গা থেকে তিনি টুইটারে লিখেছেন, ‘আমার বাড়িতে তল্লাশি অভিযান চলছে। তাঁরা বাস্তবিক অর্থেই ঘরের দরজা ভেঙেছে।’গত বছরের ডিসেম্বরে রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে প্রতারণার অভিযোগে রাজপথে ব্যাপক গণ-আন্দোলন গড়ে তুলতে যাঁরা অগ্রণী ভূমিকা রাখেন, নাভালনি সেসব সংগঠকদের অন্যতম। ওই নির্বাচনে পুতিনের দল জয়ী হয়।রাশিয়ার একটি বেতার জানায়, বাসভবনে তল্লাশি চালানোর সময় পুলিশ নাভালনির আইনজীবীদের সেখানে ঢুকতে বাধা দেয়।ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা জানায়, সের্গেই উদাল্টসভকে মঙ্গলবারের সমাবেশ সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে কেন্দ্রীয় তদন্ত কমিটি। এদিকে রাস্তায় বিক্ষোভ সমাবেশের মাধ্যমে জননিরাপত্তা ভঙ্গ করলে বিপুল আর্থিক জরিমানার কঠোর বিধানসংক্রান্ত একটি আইনে গত শুক্রবার স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট পুতিন। এতে বিক্ষোভকারী এবং বিক্ষোভের সংগঠক উভয়ের সাজার বিধান রাখা হয়েছে।জননিরাপত্তা ভঙ্গ করার অপরাধে এখন থেকে কোনো ব্যক্তির সর্বোচ্চ নয় হাজার ডলার জরিমানা হতে পারে। জরিমানার এই অঙ্ক ব্যক্তিপর্যায়ে রাশিয়ার বার্ষিক গড় বেতনের সমান। তবে বিরোধী রাজনীতিকেরা বলছেন, এ আইনের আওতায় কার্যত ভিন্ন মতকে দমনের চেষ্টা করছেন পুতিন। মার্চে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ভ্লাদিমির পুতিন জয়ী হন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রীর মেয়াদের শেষ দিকে তাঁর বিরুদ্ধে ব্যাপক জনবিক্ষোভ শুরু হয়। কিন্তু সব বিতর্ক ছাপিয়ে ভোটের লড়াইয়ে তিনি প্রেসিডেন্ট পদে জয়ী হন। আগামী ছয় বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন। রয়টার্স, এএফপি।