রাশিয়ায় হিযবুত তাহ্রীরের ১৮ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীরের সদস্য সন্দেহে রাশিয়ায় ১৮ ব্যক্তিকে আটক করা হয়েছে। এঁদের মধ্যে নয়জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে।রাজধানী মস্কোর বেসামরিক এলাকায় ওই ব্যক্তিরা বোমা হামলার পরিকল্পনা করেছিলেন বলে দেশটির পুলিশ গতকাল শুক্রবার জানিয়েছে।পুলিশ জানায়, রাশিয়া ও তাজিকিস্তানের নাগরিকদের কয়েকটি অ্যাপার্টমেন্টে চলতি মাসে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, প্রায় ১০ লাখ মার্কিন ডলার ও ২০ লাখ ইউরোর নকল নোট উদ্ধার করা হয়েছে। এ সময় ওই ১৮ জনকে আটক করা হয়।ওই ১৮ ব্যক্তির কয়েকজন বা সবাইকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে কি না, তা জানানো হয়নি। তবে রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে রাশিয়া ও তাজিকিস্তানের নয়জন নাগরিকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তাঁদের পাঁচজন হিযবুত তাহ্রীরের বিভিন্ন শাখার নেতৃত্বে ছিলেন। সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত মধ্য এশিয়া অঞ্চলসহ রাশিয়ার মুসলিম অধ্যুষিত কয়েকটি এলাকায় সংগঠনটি তৎপর রয়েছে। তারা মস্কোর একটি রেলস্টেশনে ২০১০ সালের ৪ নভেম্বর হামলার পরিকল্পনা করলেও পুলিশ তা ভণ্ডুল করে দিতে সমর্থ হয়। রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলে বিদ্রোহের সুযোগ নিতে চেষ্টা করেছিল হিযবুত তাহ্রীর। তারা মুসলিম অধ্যুষিত অঞ্চলটিতে জঙ্গি প্রচারণা চালিয়েছে। মস্কো থেকে কয়েক শ কিলোমিটার দূরে অবস্থিত ওই এলাকায় বিদ্রোহীরা একটি ইসলামি রাষ্ট্র গঠন করতে চায়। রাশিয়া সেখানে ২০১৪ সালের শীতকালীন অলিম্পিক আয়োজনের পরিকল্পনা নিয়েছে। রয়টার্স ও ডন।