রাশিয়ায় 'টুথপেস্ট বোমা' হামলার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ায় আজ শুক্রবার শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের প্রাক্কালে ‘টুথপেস্ট বোমা’ হামলা হতে পারে। গত বুধবার রাতে যুক্তরাষ্ট্র এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এক বিবৃতিতে বলা হয়, টুথপেস্ট টিউব কিংবা প্রসাধন সামগ্রীর টিউবের ভেতরে বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জামাদি পাচার করা হতে পারে। বিশেষ করে ইউরোপ ও এশিয়ার দেশগুলো থেকে সরাসরি রাশিয়ায় চলাচলকারী উড়োজাহাজের ফ্লাইটগুলোকে বেছে নিতে পারে পাচারকারীরা। সম্ভাব্য এই হামলার হুমকির বিষয়ে বিমান কর্তৃপক্ষকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
রাশিয়ার কৃষ্ণ সাগরের তীরবর্তী অবকাশকেন্দ্র সোচি শহরে শীতকালীন অলিম্পিক গেমসের জাঁকালো উদ্বোধন হবে আজ। এই অনুষ্ঠানের আগে জঙ্গি হামলা হতে পারে, এমন আশঙ্কা অনেক আগে থেকেই করা হচ্ছিল। দক্ষিণ রাশিয়ার ককেশাস অঞ্চলের দাগেস্তান প্রজাতন্ত্রের ইসলামপন্থী জঙ্গিরা এই হামলা চালাতে পারে।
তবে রুশ কর্তৃপক্ষ আশ্বস্ত করে বলেছে, সোচি অলিম্পিক নির্বিঘ্ন করতে নিশ্চিদ্র নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এর পরও অলিম্পিকের আসরের নিরাপত্তা নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছিল।
নাম প্রকাশ না করার শর্তে মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে সম্ভাব্য ‘টুথপেস্ট বোমা’ হামলার বিষয়ে রাশিয়াকে সতর্ক করা হয়েছে।
আশঙ্কা করা হচ্ছে, সোচি শহরে আসার পথে যানবাহনকেও হামলার লক্ষ্যবস্তু করতে পারে রুশ জঙ্গিরা। এ ছাড়া আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদাও হামলা চালানোর চেষ্টা করতে পারে।
মার্কিন ও রুশ গোয়েন্দা কর্মকর্তারা এই হামলার সম্ভাব্য দিক খতিয়ে দেখছে। টুথপেস্ট টিউবে পাঠানো বিস্ফোরক ও সরঞ্জামাদি ব্যবহার করে বোমা তৈরির সামর্থ্য রাখে কি না, সেটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
মার্কিন হুঁশিয়ারির পর রুশ গোয়েন্দা সংস্থাগুলো আরও সতর্ক অবস্থান নিয়েছে। অলিম্পিকের নিরাপত্তায় প্রয়োজনে সহায়তা দিতে মার্কিন দুটি যুদ্ধজাহাজ কৃষ্ণ সাগরে মোতায়েন রয়েছে। সিএনএন ও বিবিসি।