পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার শুনানি চলা সুপ্রিম কোর্টের বেঞ্চের ওপর তাঁর আস্থা নেই। মোশাররফের এক আইনজীবী গতকাল মঙ্গলবার আদালতকে এ কথা বলেছেন। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলায় মোশাররফকে গতকাল রাওয়ালপিন্ডি আদালতে হাজির করা হয়।পাকিস্তানের সর্বোচ্চ আদালতে গতকাল রাষ্ট্রদ্রোহ মামলার শুনানি চলাকালে মোশাররফের আইনজীবী আহমেদ রাজা কাসুরি বলেন, ‘যে বেঞ্চে এই মামলার শুনানি চলছে, তার ওপর আমার মক্কেলের আস্থা নেই।’ তিনি বলেন, এই বিষয়ে একটি বৃহৎ বেঞ্চ গঠন করার বিষয়ে বা বিষয়টিকে একটি পূর্ণাঙ্গ আদালতের কাছে হস্তান্তর করার বিষয়ে যে প্রশ্ন রয়েছে, সুপ্রিম কোর্টকে আগে তার জবাব দেওয়া উচিত।মোশাররফের আরেক আইনজীবী ইব্রাহিম সাতি বলেন, তাঁর মক্কেলের বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে সংবিধান লঙ্ঘন করা হয়েছে। তাঁর মক্কেলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার মতো শক্ত কোনো ভিত্তি নেই। তাই তাঁর ওপর এই নিষেধাজ্ঞা আরোপ তাঁর মৌলিক অধিকারের লঙ্ঘন।এর আগে মোশাররফকে ইসলামাবাদের উপকণ্ঠে অবস্থিত বাড়ি থেকে রাওয়ালপিন্ডিতে সন্ত্রাসবিরোধী আদালতে হাজির করা হয়। ওই বাড়িতে তিনি বর্তমানে গৃহবন্দী। সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর হত্যা মামলায় এই প্রথম তাঁকে আদালতে হাজির করা হলো। মোশাররফের বিরুদ্ধে বেনজির ভুট্টোকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গত মাসে তিনি স্বেচ্ছানির্বাসন থেকে দেশে ফেরার পর তাঁকে এটিসহ তিনটি মামলার মুখোমুখি হতে হচ্ছে।গতকাল মোশাররফকে রাওয়ালপিন্ডির আদালতে হাজির করার সময় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। তবে পুলিশ ও আধাসামরিক বাহিনীর ব্যাপক উপস্থিতিতেই আইনজীবী ও মোশাররফের সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে আদালত ভবনের বাইরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আইনজীবীরা মোশাররফবিরোধী নানা স্লোগান দেন।সাবেক এই সেনাশাসকের আইনজীবী সালমান সফদার সাংবাদিকদের বলেন, ‘বেনজির হত্যা মামলায় মঙ্গলবার ছিল নিয়মিত শুনানি। এ মামলায় মোশাররফ প্রথমবারের মতো হাজির হলেন।’আদালতের ভেতরে মোশাররফ প্রায় ১৫ মিনিট অবস্থান করেন। এরপর নিজ বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার আগে তিনি তাঁর আইনজীবীর সঙ্গে আরও ১৫ মিনিট সময় কাটান। আদালত আগামী ৩ মে পর্যন্ত এই মামলার বিচারকাজ মুলতবি করেন। এএফপি ও ডন।