রাষ্ট্রদ্রোহ মামলার মুখোমুখি হচ্ছেন মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রদ্রোহের অভিযোগে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফের বিচার করতে সুপ্রিম কোর্টের প্রতি অনুরোধ করবে সরকার। তাঁর ভ্রমণে নিষেধাজ্ঞার ব্যাপারে শুনানি গতকাল সোমবার স্থগিত করেছেন করাচি হাইকোর্ট।
রাষ্ট্রদ্রোহের অভিযোগে মোশাররফকে বিচারের মুখোমুখি করার ব্যাপারে গত রোববার ঘোষণা দেয় পাকিস্তান সরকার। স্বারষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান বলেন, ২০০৭ সালে ক্ষমতায় থাকাকালে মোশাররফ জরুরি অবস্থা জারি করে দেশের সংবিধান স্থগিত করেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিচার করতে দেশের সর্বোচ্চ আদালতের কাছে আবেদন করা হবে। ইতিমধ্যে গতকাল সোমবার বিচারকাজে সরকারপক্ষে কৌঁসুলিও নিয়োগ করা হয়েছে।
রাষ্ট্রদ্রোহের অভিযোগে দোষী সাব্যস্ত হলে সাবেক সেনাশাসক মোশাররফকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের মুখোমুখি হতে হবে। পাকিস্তান সরকার গত জুনে প্রথম ঘোষণা দেয়, তারা জেনারেল মোশাররফকে রাষ্ট্রদ্রোহের জন্য বিচার করবে।
১৯৯৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে (বর্তমান প্রধানমন্ত্রী) ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় বসেন মোশাররফ। ২০০৮ সালে তিনি ক্ষমতা ছেড়ে স্বেচ্ছানির্বাসনে যান। পাঁচ বছরের মাথায় জাতীয় নির্বাচনে অংশ নিতে গত মার্চে তিনি দেশে ফেরেন।
দেশে ফেরার পরই লাল মসজিদে রক্তক্ষয়ী সেনা অভিযান ও সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাসহ বিভিন্ন মামলায় মোশাররফকে গ্রেপ্তার করা হয়। এএফপি ও বিবিসি।