রাষ্ট্রদ্রোহের মামলায় আদালতে হাজির হলেন মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রদ্রোহের মামলায় গতকাল মঙ্গলবার আদালতে হাজিরা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ। এই মামলায় প্রথমবারের মতো সশরীরে আদালতে হাজির হলেন তিনি। মামলার শুনানি ২১ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে।
রাজধানী ইসলামাবাদে অবস্থিত জাতীয় গ্রন্থাগারে মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার শুনানি করছেন আদালত। ৭০ বছর বয়সী মোশাররফ গতকাল কড়া নিরাপত্তার মধ্যে ওই আদালতে পৌঁছান।
এর আগে কোনো সাবেক সেনাপ্রধানকে এভাবে আদালতে হাজিরা দিতে হয়নি। তিনটি সামরিক অভ্যুত্থান ও ইতিহাসের অর্ধেকের বেশি সময় সামরিক শাসনে থাকা দেশটিতে এই বিচারকে বেসামরিক শাসনের শ্রেষ্ঠত্ব প্রশ্নে একটা বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।
২০০৭ সালে দেশের প্রেসিডেন্ট থাকাকালে সংবিধান স্থগিত ও জরুরি অবস্থা জারির ঘটনায় জেনারেল মোশাররফ রাষ্ট্রদ্রোহের মামলায় অভিযুক্ত হলে তাঁর সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হতে পারে।
রাষ্ট্রদ্রোহের মামলায় মোশাররফকে প্রথম গত ২৪ ডিসেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে বোমা হামলার আশঙ্কা ও শারীরিক অসুস্থতার অজুহাতে তিনি এ পর্যন্ত আদালতে উপস্থিত হননি। গত ২ জানুয়ারি আদালতে আসার সময় হূদেরাগে আক্রান্ত হওয়ার পর থেকে একটি সামরিক হাসপাতালে ভর্তি ছিলেন মোশাররফ। তবে ৭ ফেব্রুয়ারি আদালত তাঁকে গতকাল শুনানির সময় সশরীরে উপস্থিত হওয়ার নির্দেশ দেন।
মোশাররফ প্রথম থেকেই রাষ্ট্রদ্রোহের অভিযোগ নাকচ করে আসছেন। তাঁর দাবি, মামলাটি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের প্রতিশোধমূলক কর্মকাণ্ডের অংশ। কেননা, ১৯৯৯ সালে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজকে ক্ষমতাচ্যুত করেছিলেন, যিনি এখন আবার দেশের প্রধানমন্ত্রী। এএফপি ও ডন।