রাষ্ট্রপতি পদপ্রার্থী সাংমার এনসিপি থেকে পদত্যাগ
লোকসভার সাবেক স্পিকার পি এ সাংমা গতকাল বুধবার ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারে দলের নেতারা তাঁর ওপর চাপ সৃষ্টি করলে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।পি এ সাংমা বলেন, এনসিপি থেকে পদত্যাগ করা ছাড়া তাঁর সামনে আর বিকল্প পথ ছিল না। নিজের মর্যাদা রক্ষার্থেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন। এ বিষয়ে তিনি শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে তাঁর ছেলে কনরাড সাংমা জানান।উপজাতীয় নেতা সাংমা রাষ্ট্রপতি নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) প্রার্থী অর্থমন্ত্রী প্রণব মুখার্জির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে দৃঢ়প্রতিজ্ঞ। এ অবস্থায় এনসিপির শীর্ষপর্যায় থেকে তাঁকে প্রার্থিতা প্রত্যাহার করা কিংবা শাস্তিমূলক ব্যবস্থার জন্য প্রস্তুত হতে ক্রমাগত চাপ দেওয়া হচ্ছিল।নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই সাংমা দলে চাপের মুখে ছিলেন। তাঁর প্রার্থিতার প্রতি সমর্থন দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জে জয়ললিতা ও ওডিশার মুখ্যমন্ত্রী নাভিন পাটনায়েক। ১৯ জুলাই এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। জি নিউজ।