রাষ্ট্রপতি পদে সাংমাকেই সমর্থন দিল বিজেপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রাষ্ট্রপতি পদে নির্বাচনে নতুন প্রার্থী দেয়নি। শেষ পর্যন্ত তাঁরা রাষ্ট্রপতি পদে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) সাবেক নেতা পি এ সাংমাকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বৃহস্পতিবার বিজেপি সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয়। আগামী ১৯ জুলাই রাষ্ট্রপতি নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) প্রার্থী প্রণব মুখার্জির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাংমা।বিজেপি সাংমাকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিলেও দলটির নেতৃত্বাধীন প্রধান বিরোধী জোট এনডিএর কোনো কোনো দল এই সিদ্ধান্তের সঙ্গে একমত নয়। বিজেপির দীর্ঘদিনের মিত্র শিবসেনা ও এনডিএভুক্ত জনতা দল (জেডি-ইউ) এই সিদ্ধান্তের বিরোধী। নয়াদিল্লিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিজেপির সিদ্ধান্তের কথা জানান দলের নেতা সুষমা স্বরাজ ও অরুণ জেটলি। সুষমা বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে এআইএডিএমকে ও বিজেডির প্রস্তাবিত প্রার্থী পি এ সাংমাকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। সাংমাকে ‘দেশের বড় নেতা’ বলেও আখ্যা দেন সুষমা। তিনি বিজেপি-সমর্থিত প্রার্থীকে সমর্থন দিতে শিবসেনা ও জেডি-ইউসহ মিত্র সব দলের প্রতি আহ্বান জানান।এনডিএ ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিতে না পারায় দুঃখ প্রকাশ করেন সুষমা ও জেটলি। তবে তাঁরা বলেন, এনডিএ জোটে এর কোনো প্রভাব পড়বে না।সংবাদ সম্মেলনে বলা হয়, প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি কংগ্রেসের রাষ্ট্রপতি প্রার্থীকে ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায়’ ছেড়ে দিতে পারে না। প্রার্থী ঠিক করার ক্ষেত্রে কংগ্রেস বিজেপির সঙ্গে ‘পরামর্শ’ও করেনি। দলটি সাংমাকে সমর্থন দিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করবে বলে জানানো হয়। এদিকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া বিজেপিকে ধন্যবাদ জানিয়েছেন সাংমা। তিনি বলেন, বিজেপির এই সমর্থন রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে তাঁর অবস্থান আরও দৃঢ় করেছে। পিটিআই অনলাইন।