ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আলোচিত সারদার চিট ফান্ড কেলেঙ্কারির ঘটনায় রাষ্ট্রপতি প্রণব মুখার্জির পরিবার জড়িত বলে অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেসের একজন নেতা। রাজ্য সরকারের ক্রীড়া ও পরিবহনমন্ত্রী মদন মিত্র অভিযোগ করেন, সারদার কাছ থেকে প্রণবের ছেলে ও মেয়ে টাকা খেয়েছেন।
তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী মদন মিত্র রোববার সন্ধ্যায় বর্ধমান জেলার বোলপুর আসনে একটি নির্বাচনী সভায় ভাষণ দেন। এ সময় তিনি সারদা গোষ্ঠীর কাছ থেকে বর্তমান রাষ্ট্রপতি প্রণবের পরিবার কত টাকা নিয়েছে, তা তদন্ত করে বের করতে তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের (ইডি) প্রতি আহ্বান জানান।
তৃণমূল নেতা বলেন, ‘সারদা গোষ্ঠীকে টাকা তোলার অনুমতি কে দিয়েছে? ইডির হিম্মত থাকলে, তা বের করুক...ভারতের সর্বোচ্চ পদে যিনি রয়েছেন, তাঁর ছেলেমেয়েরাও বীরভূমের মাটি থেকে সারদার টাকা নিয়েছেন। তাঁরা কত কোটি টাকা নিয়েছেন, তা বের করতে আমি ইডির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি।’
অবশ্য, মন্ত্রী মদন মিত্রের অভিযোগ নাকচ করে দিয়েছে কংগ্রেস। দলটির জ্যেষ্ঠ নেতা প্রদীপ ভটাচার্য্য বলেন, ‘মদন মিত্র পাগলামির নিদর্শন দেখাচ্ছেন। আমরা তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দাখিল করব।’
একই ভাষণে মন্ত্রী মিত্র ভারতের রিজার্ভ ব্যাংকের সাবেক গভর্নরের ভূমিকারও প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘যারা কোম্পানি প্রতিষ্ঠার অনুমতি দিয়েছে, তাদের মধ্যে রিজার্ভ ব্যাংকও রয়েছে। তাহলে রিজার্ভ ব্যাংকের গভর্নরকে গ্রেপ্তার করা হবে না কেন?’
সারদা কেলেঙ্কারিতে মন্ত্রী মদনের নামও জড়ানো হয়েছে। তিনি নিজেও সারদা গোষ্ঠীর সুবিধাভোগী বলে বিরোধীরা অভিযোগ করে আসছে। তবে মদন দাবি করেন, সারদা গোষ্ঠীর সঙ্গে তাঁর কোনো যোগাযোগ ছিল না। হিন্দুস্তান টাইমস।