ভারতের প্রচলিত আইন অনুযায়ী সর্বোচ্চ আদালত মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার পর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করা যায়। রাষ্ট্রপতি সেই আবেদন মঞ্জুর করতে পারেন। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির দপ্তরে সে রকমই ১১টি আবেদন জমা রয়েছে। এই আবেদনগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়াই হবে প্রণবের জন্য অন্যতম চ্যালেঞ্জ।এসব আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে রাষ্ট্রপতির দপ্তরে যায়। প্রণবের পূর্বসূরি প্রতিভা পাতিল, এ পি জে আবদুল কালাম এবং কে আর নারায়ণন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতেন। তবে এ ক্ষেত্রে তাঁরা বেশ সতর্কতা অবলম্বন করেন। এর ফলে দেশটিতে গত ১৫ বছরের মধ্যে একটিমাত্র মৃত্যুদণ্ড কার্যকর হয়। প্রণবের দপ্তরে জমা থাকা প্রাণভিক্ষার আবেদনের মধ্যে ২০০১ সালে ভারতের পার্লামেন্ট ভবনে হামলা চালানোর দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া মোহাম্মদ আফজাল গুরু রয়েছেন। প্রতিভা পাতিলের সময় এই আবেদন করা হলেও তিনি এ ব্যাপারে সিদ্ধান্ত দেননি। আফজালের ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া প্রণবের জন্য ঝুঁকিপূর্ণ। এ ক্ষেত্রে তাঁকে অবশ্যই দুটি বিষয় ভাবতে হবে। প্রথমত, আফজালের আবেদন মঞ্জুর করলে হিন্দুত্ববাদী ডানপন্থীরা ক্ষুব্ধ হবে। দ্বিতীয়ত, আবেদন খারিজ করলে কাশ্মীরের মুসলিম বিচ্ছিন্নতাবাদীরা ক্ষুব্ধ হয়ে উঠবে।২০০৮ সালে মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র হামলাকারী মোহাম্মদ কাসাবের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাঁর ক্ষেত্রেও সিদ্ধান্ত নিতে প্রণবকে কঠিন চাপে পড়তে হবে।মৃত্যুদণ্ড কার্যকর কমে গেলেও শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া কিন্তু কমছে না। ভারতে এই মুহূর্তে চার শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ রয়েছে। প্রতি বছর মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হচ্ছে। তাই এই দণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে।এ ব্যাপারে সুপ্রিম কোর্টের আইনজীবী ও হিউম্যান রাইটস ল নেটওয়ার্কের অন্যতম প্রতিষ্ঠাতা কলিন গনসালভস বলেন, জনমত কিন্তু মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখার পক্ষে। এ ছাড়া সরকার যদি এই দণ্ড বাদ দেওয়ার চেষ্টা করে, তাহলে রাজনৈতিক বিরোধীরা সেই সিদ্ধান্তের বিরোধিতা করবে। কোনো কোনো আইনবিশেষজ্ঞ মনে করেন, মৃত্যুদণ্ডাদেশের কারণে কোনো জাতিগত বা রাজনৈতিক গোষ্ঠী কিংবা ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। সব মিলিয়ে রাষ্ট্রপতির দপ্তরে জমা হওয়া প্রাণভিক্ষার আবেদনগুলোর সিদ্ধান্ত দিতে চ্যালেঞ্জের মুখেই আছেন প্রণব। রাজনৈতিক বিশ্লেষক আর জগন্নাথন বলেন, ২০১৪ সালে ভারতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে প্রণব এমন কোনো সিদ্ধান্ত নেবেন না, যা জনমতকে খুব বেশি প্রভাবিত করবে। এএফপি।