রাষ্ট্রপতি প্রার্থিতার কথা প্রণবের অস্বীকার
ভারতের প্রবীণ রাজনীতিক অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় বলেছেন, তিনি দেশের রাষ্ট্রপতি নির্বাচনে কংগ্রেসের অগ্রগামী প্রার্থী নন। গণমাধ্যমে এ নিয়ে তাঁর নামে ‘অনুমাননির্ভর’ খবর প্রকাশিত হয়েছে।গতকাল শুক্রবার এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বার্ষিক বোর্ড সভায় যোগ দিতে ম্যানিলা যাওয়ার আগে দিল্লিতে সাংবাদিকদের এ কথা বলেন প্রণব মুখোপাধ্যায়।প্রকাশিত খবরের সত্যতার বিষয়টি অস্বীকার করে প্রণব মুখোপাধ্যায় বলেন, ‘এসব কথা অনুমানের ভিত্তিতে বলা। আমি এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।’গণমাধ্যমে কিছুদিন ধরে এ কথা আলোচিত হচ্ছে যে জুন মাসে অনুষ্ঠেয় ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রণব মুখোপাধ্যায় দলের অন্য নেতাদের চেয়ে এগিয়ে রয়েছেন। তবে গত বৃহস্পতিবার কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে কারও নাম তখন পর্যন্ত চূড়ান্ত করা হয়নি। দলের মুখপাত্র রেনুকা চৌধুরীর এক মন্তব্যের পর সৃষ্ট বিতর্কের জেরে সোনিয়া ওই কথা বলেছিলেন।বৃহস্পতিবার মুখপাত্র রেনুকা বলেন, ‘প্রণবদাকে ত্যাগ করা (দলের বাইরে কোনো সরকারি পদে বসানো) কখনোই সহজ হবে না। তিনি দলের ভেতরে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি।’সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের শরিক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়টির উল্লেখ করেন। তিনি বলেন, কংগ্রেস হয়তো প্রণবকে রাষ্ট্রপতি করার কথা আর বিবেচনা করছে না। এনডিটিভি।