রাষ্ট্রপ্রধানদের বিচারের মুখোমুখি করা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান দায়িত্বে থাকা রাষ্ট্র ও সরকার প্রধানদের আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) বিচারের মুখোমুখি করানো যাবে না। এ দাবিতে মতৈক্যে পৌঁছেছে আফ্রিকার দেশগুলো। ইথিওপিয়ার পররাষ্ট্রমন্ত্রী টেডরোস আডহানোম গতকাল শনিবার এ কথা জানিয়েছেন।
আইসিসির সঙ্গে সম্পর্ক নিয়ে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় গতকাল একটি বিশেষ সম্মেলন শুরু হয়েছে। সেখানে ক্ষমতাসীন রাষ্ট্র ও সরকারপ্রধানদের বিচারের আওতার বাইরে রাখার ব্যাপারে আফ্রিকার রাজনীতিকদের এ মতৈক্যের কথা জানান স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী টেডরোস আডহানোম। এ সম্মেলনে অংশ নিচ্ছেন আফ্রিকান ইউনিয়নভুক্ত (এইউ) ৫৪টি দেশের মন্ত্রীরা।
আন্তর্জাতিক অপরাধ আদালতে শুধু বেছে বেছে আফ্রিকার নেতাদের বিচার করা হচ্ছে—এ অভিযোগ তুলে মহাদেশটির নেতারা কিছুদিন ধরে ক্ষোভ প্রকাশ করে আসছেন। নেদারল্যান্ডসের হেগভিত্তিক আইসিসিতে বর্তমানে কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা ও তাঁর ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর বিচার চলছে। আফ্রিকার মন্ত্রীরা ওই দুজনের মামলাগুলো মুলতবি করতেও আহ্বান জানিয়েছেন বলে জানান ইথিওপিয়ার পররাষ্ট্রমন্ত্রী টেডরোস।
মূল সম্মেলনের আগে আইসিসির সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা করতে গত শুক্রবার মন্ত্রীপর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় মধ্যরাতে ওই বৈঠক শেষ হওয়ার পর ইথিওপিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘আন্তর্জাতিক ন্যায়বিচার পরিবেশনের ক্ষেত্রে আইসিসি যে দ্বিমুখী নীতি প্রয়োগ করছে, তা আমরা প্রত্যাখ্যান করেছি।’ শুক্রবারের ওই বৈঠকে যে সুপারিশমালা প্রণয়ন করা হয়েছে, গতকালের সম্মেলনে তা অনুমোদন করা হবে বলে আশা করা হচ্ছে।
আইসিসির সঙ্গে আফ্রিকার দূরত্ব ক্রমেই বাড়ছে। কারণ, হেগভিত্তিক এই আদালত এ পর্যন্ত যে একজন মাত্র ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছেন, তিনি একজন আফ্রিকান যুদ্ধবাজ। ওই ব্যক্তি ছাড়া এ পর্যন্ত যেসব লোককে অভিযুক্ত করা হয়েছে, তাঁদের সবাই আফ্রিকার।
তবে আইসিসির বিচারব্যবস্থাকে ঢালাওভাবে উপেক্ষা করার আহ্বান জানাননি আফ্রিকার মন্ত্রীরা।
মানবাধিকার সংগঠনগুলোর মতে, আফ্রিকার রাজনীতিতে যে দায়মুক্তির সংস্কৃতি চলে আসছে, তার ইতি ঘটাতে এটা অপরিহার্য।
গণহত্যা ও যুদ্ধাপরাধের বিচারে বিশ্বের প্রথম স্থায়ী আদালত হিসেবে আইসিসি গঠনের পর থেকেই এর বিরুদ্ধে আফ্রিকার সঙ্গে নব্য-ঔপনিবেশিক আচরণ করার অভিযোগ রয়েছে। এএফপি ও রয়টার্স।