রাসায়নিক অস্ত্র ব্যবহার নিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার দীর্ঘ ও রক্তাক্ত গৃহযুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ তদন্তের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গত শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। খবর আল-জাজিরার।
নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তটি এখন জাতিসংঘের মহাসচিব বান কি মুনের কাছে পাঠানো হবে। আগামী ২০ দিনের মধ্যে জাতিসংঘ মহাসচিব তদন্ত কমিটি গঠন করবেন। তদন্তটি কীভাবে হবে সে বিষয়েও সুপারিশ করবেন তিনি। এরপর ৯০ দিনের মধ্যে সেই তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দেবে।
সিরিয়ার বিষয়ে নিরাপত্তা পরিষদের প্রভাবশালী স্থায়ী সদস্যদের মধ্যে যথেষ্ট বিভক্তি আছে। সে কারণে দেশটির গৃহযুদ্ধে রাসায়নিক অস্ত্র প্রয়োগের বিষয়ে তদন্ত করতে সর্বসম্মত সিদ্ধান্তকে খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভেটো দিয়ে যেকোনো প্রস্তাব আটকে দেওয়ার ক্ষমতা রয়েছে পরিষদের স্থায়ী সদস্যদের। এর মধ্যে রাশিয়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বেশ ঘনিষ্ঠ। এ কারণে নিরাপত্তা পরিষদে সিদ্ধান্তটি গৃহীত হওয়ার আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার এ বিষয়ে মতৈক্যে পৌঁছাতে হয়।
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সামান্থা পাওয়ার নিরাপত্তা পরিষদে সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে বলেন, রাসায়নিক অস্ত্র প্রয়োগকারীদের বিষয়ে তদন্তের এই প্রস্তাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এতে সিরিয়ার যুদ্ধে অপরাধ করেও নিষ্কৃতি পাওয়ার প্রক্রিয়া বন্ধ হবে। তদন্তের সিদ্ধান্তকে তিনি ‘সংযত পদক্ষেপ’ বলে বর্ণনা করেন।
সিরিয়ার চার বছরের গৃহযুদ্ধে সরকার ও বিদ্রোহী বাহিনী উভয় পক্ষের বিরুদ্ধে প্রতিপক্ষ এমনকি বেসামরিক লোকজনের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে। এ নিয়ে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের তদন্তের সিদ্ধান্তের ফলে জাতিসংঘের মাধ্যমে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার পথ প্রশস্ত হলো। রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়টি প্রমাণিত হলে সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছে নিরাপত্তা পরিষদ।
পশ্চিমা দেশগুলো সিরিয়ার যুদ্ধে সংঘটিত সম্ভাব্য অপরাধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিসি) পাঠানোর বিষয়েও প্রস্তাব দেয়। তবে রাশিয়া এবং চীন ওই প্রস্তাবে ভেটো দেয়।
মহাসচিব বান কি মুনের সুপারিশের পর নিরাপত্তা পরিষদ তদন্তের জন্য এক বছর সময় বেঁধে দেবে বলে মনে করা হচ্ছে।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) বলেছে, সিরিয়ার যুদ্ধে এ পর্যন্ত ২ লাখ ৪০ হাজার ৩৮১ জন নিহত হয়েছে। গত জুন মাসে ওই একই সংগঠন মৃত্যুর সংখ্যা ২ লাখ ৩০ হাজার ৬১৮ জন বলে জানিয়েছিল। সর্বশেষ নিহতের তালিকায় ১১ হাজার ৯৬৪ শিশু আছে। আর সাধারণ নাগরিক আছে ৭১ হাজার ৭৮১ জন। নিহত সামরিক ব্যক্তিদের মধ্যে ৮৮ হাজার সরকারি সেনা। বিদ্রোহী সেনা ৪২ হাজারের কিছু বেশি। এসওএইচআর বলেছে, যুদ্ধে নিহত তিন হাজার ৩২২ জনের পরিচয় পাওয়া যায়নি। সিরিয়ার গৃহযুদ্ধে যে ৩০ হাজার মানুষ নিখোঁজ, তাদের এই তালিকায় রাখা হয়নি। এর মধ্যে ২০ হাজার মানুষ কারাগারে বন্দী আছে বলে মনে করা হয়।