রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মধ্যস্থতায় সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংস করার কাজ অবশেষে গতকাল রোববার শুরু হয়েছে। সিরিয়ার সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমঝোতার ধারাবাহিকতায় রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল ওয়েপনস (ওপিসিডব্লিউ) এই কাজ করছে।
ওপিসিডব্লিউর একজন কর্মকর্তা বলেন, ‘রাসায়নিক অস্ত্র ধ্বংসের কাজ শুরু করার প্রথম দিন আজ রোববার। ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড, রাসায়নিক বোমাসহ বেশ কিছু অস্ত্র ধ্বংস করার প্রক্রিয়া শুরু হয়েছে।’
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতৈক্যের ভিত্তিতে গত মাসে গৃহীত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২১১৮ নম্বর প্রস্তাব অনুযায়ী সিরিয়াকে ২০১৪ সালের জুন মাসের মধ্যে সব রাসায়নিক অস্ত্র ধ্বংস করতে হবে।
এদিকে আন্তর্জাতিক মধ্যস্থতায় রাসায়নিক অস্ত্র ধ্বংসের জন্য জাতিসংঘের এই উদ্যোগে নরওয়েকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। নরওয়েজিয়ান ব্রডকাস্টিং করপোরেশনে (এনআরকে) ওয়েবসাইটে এ কথা জানানো হয়েছে।
এনআরকের ওয়েবসাইটে গত শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসের কাজে যোগ দিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া মৌখিকভাবে নরওয়েকে আমন্ত্রণ জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়া মনে করছে, রাসায়নিক অস্ত্র ধ্বংসের মতো বিপজ্জনক কাজ করার জন্য নরওয়েই উপযুক্ত জায়গা। দেশটির স্থিতিশীল রাজনীতি ও পানির সহজলভ্যতার জন্য রাশিয়া ও যুক্তরাষ্ট্র এ রকমটা মনে করছে। কারণ, রাসায়নিক অস্ত্র ধ্বংসের কাজে প্রচুর পানির প্রয়োজন হয়।
নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই প্রতিবেদনের বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু জানাতে পারেনি। তবে বলেছে, এ কাজে সহায়তা দিতে তারা প্রস্তুত। এএফপি ও বিবিসি।