রাসায়নিক অস্ত্র ধ্বংসে যাচ্ছে মার্কিন জাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় রক্তপাত বন্ধ করে শান্তি ফেরানোর প্রচেষ্টায় জেনেভায় শুরু হওয়া আন্তর্জাতিক সম্মেলনে সিরীয় সরকার ও বিদ্রোহী পক্ষ অনড় অবস্থানে থাকায় এখনো পর্যন্ত সম্মেলনে তেমন অগ্রগতির দেখা মেলেনি। এর পরও আলোচনা চলবে বলে জানিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত লাখদার ব্রাহিমি।

এদিকে সিরিয়ার রাসায়নিক অস্ত্রশস্ত্র ধ্বংস করতে গত সোমবার মার্কিন নৌবাহিনীর সুসজ্জিত এক বিশেষ জাহাজ ইতালির উদ্দেশে রওনা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের কর্মকর্তারা গতকাল মঙ্গলবার ঐতিহাসিক এই মিশনের কথা জানান।

প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের ক্ষমতা হস্তান্তর বিষয় নিয়ে মতবিরোধের কারণে জেনেভায় গত সোমবার শান্তি আলোচনা বন্ধ হয়ে যায়। আলোচনা রাতারাতি ভেঙে পড়ার পর সিরিয়াবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত লাখদার ব্রাহিমি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের এ মধ্যস্থতা আলোচনায় এখনো ‘তেমন সাফল্য অর্জিত হয়নি’। তবে গতকাল তিনি সিরিয়ার বিবদমান দুই পক্ষকে আবারও রাজনৈতিক আলোচনার টেবিলে বসাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

সোমবার সম্মেলনের অধিবেশনে সিরিয়ার সরকারপক্ষ কিছু রাজনৈতিক নীতিমালাসংবলিত একটি বিবৃতি পেশ করে। কিন্তু বিবৃতিতে প্রেসিডেন্ট আসাদের ক্ষমতা হস্তান্তর নিয়ে কিছু উল্লেখ করা হয়নি। এতে বিরোধী পক্ষ তাৎক্ষণিকভাবে তা প্রত্যাখ্যান করে। ফলে এই দিনের মতো শান্তি আলোচনা ভেস্তে যায়। এএফপি ও রয়টার্স।