রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ ‘উত্তেজনা বৃদ্ধির’ শামিল: জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় কথিত রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়টি ‘গুরুতর উত্তেজনা বৃদ্ধির’ শামিল বলে মন্তব্য করেছে জাতিসংঘ। এ ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে বিষয়টি ‘স্পষ্ট করা’ জরুরি বলে অভিমত দিয়েছেন বিশ্ব সংস্থাটির কর্মকর্তারা। বাশারবিরোধী বিদ্রোহীরা অভিযোগ করেছে, সেনাবাহিনী গত বুধবার রাজধানী দামেস্কের অদূরে রাসায়নিক অস্ত্রের হামলা চালিয়েছে, যাতে এক হাজার ৩০০ মানুষ নিহত হয়েছে। সেনাবাহিনী ওই অভিযোগ অস্বীকার করেছে। নিরপেক্ষ অন্য কোনো সূত্র থেকে এ অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। সিরিয়ার চলমান গৃহযুদ্ধে সরকারি বাহিনী ও বিদ্রোহী উভয়েই একে অন্যের বিরুদ্ধে একাধিকবার রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ করেছে। রাসায়নিক অস্ত্র ব্যবহারের নতুন এই অভিযোগ শুনে গত বুধবারই জরুরি বৈঠক করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বৈঠকের পর জাতিসংঘের উপমহাসচিব জ্যান এলিয়াসন এ ঘটনাকে ‘গুরুতর উত্তেজনা বৃদ্ধি’ বলে উল্লেখ করেন। নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট ও জাতিসংঘে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়া ক্রিস্টিনা পার্সিভাল বলেন, ‘কী ঘটেছে তা স্পষ্ট করতে হবে। সবকিছু পরিষ্কারভাবে তুলে ধরতে হবে। নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে পুরো পরিস্থিতি।’নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট জানান, জাতিসংঘের মহাসচিব বান কি মুন এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে চান। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছে, অভিযোগ সত্যি হলে তা হবে ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’।সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারে ব্যাপক প্রাণহানির অভিযোগ ওঠায় বিশ্বজুড়ে প্রতিক্রিয়া হয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের দীর্ঘদিনের মিত্র বলে পরিচিত রাশিয়া যত তাড়াতাড়ি সম্ভব জাতিসংঘ পরিদর্শকদের রাসায়নিক অস্ত্র ব্যবহারের কথিত ঘটনাস্থলে যেতে দেওয়ার আহ্বান জানিয়েছে। এ ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে দেশটি। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লঁরা ফ্যাবিয়াস গতকাল বলেছেন, রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে সিরিয়ায় ‘শক্তি প্রয়োগের’ প্রয়োজন হতে পারে। তবে সিরিয়ায় ফ্রান্সের সেনা পাঠানো হবে না।যুক্তরাষ্ট্র এ ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আগে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, সিরিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে তা হবে ‘চূড়ান্ত সীমা’ লঙ্ঘন। তা দেশটিতে সামরিক হস্তক্ষেপ ডেকে আনতে পারে বলে সতর্ক করে দেন তিনি।তবে সিরিয়ার মিত্র ইরান তার সমর্থনে এগিয়ে এসেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ গতকাল বৃহস্পতিবার বলেন, ‘সিরিয়ার রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ পুরোপুরি মিথ্যা। এদিকে রাসায়নিক অস্ত্রের প্রভাব নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা জানিয়েছেন, সিরিয়ার বাশারবিরোধীদের ভিডিওচিত্রে যা দেখা গেছে, তাতে রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া যায় না।ফিনিশ ইনস্টিটিউট ফর ভেরিফিকেশন অব দ্য কেমিক্যাল উইপন্স কনভেনশনের পরিচালক পলা ভেনিনেন বলেন, ‘ভিডিওচিত্র দেখে আমি পুরোপুরি বিশ্বাস করতে পারছি না যে রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে। কারণ, হতাহত ব্যক্তিদের আশপাশে যাদের দেখা যাচ্ছে, তারা কেউ নিরাপত্তামূলক পোশাক বা মুখোশ ব্যবহার করছে না। এটা না করলে তাদেরও অসুস্থ হয়ে পড়ার কথা। কিন্তু তাদের মধ্যে সে ধরনের কোনো লক্ষণ দেখা যায়নি।’স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের রাসায়নিক ও জীবাণু নিরাপত্তা প্রকল্পের প্রধান জন হার্ট বলেন, যে বিষাক্ত গ্যাস ব্যবহারের কথা বলা হয়েছে, তার প্রভাবে নিহত ব্যক্তিদের যেমন শারীরিক পরিবর্তন হওয়ার কথা ঠিক তা হয়নি। বিবিসি, এএফপি ও রয়টার্স।সিরিয়ায় রাসায়নিক হামলার অভিযোগ১৯ মার্চসিরীয় সরকার অভিযোগ করে, খান আল-আসাল এলাকায় বিদ্রোহীরা রাসায়নিক অস্ত্র ব্যবহার করে ৩১ জনকে হত্যা করেছে। একই দিনে বিদ্রোহীরা অভিযোগ তোলে, আল-ওতাবেহ এলাকায় সেনাবাহিনীর রাসায়নিক অস্ত্রের হামলায় ছয় ব্যক্তি নিহত হয়েছে।২৪ মার্চসিরিয়ার পরিস্থিতির তথ্য সরবরাহকারী সংগঠন লোকাল কো-অর্ডিনেশন কমিটি (এলসিসি) জানায়, আদরা এলাকায় হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছে।১৩ এপ্রিলআলেপ্পোর শেখ মাকসুদ এলাকায় হামলায় তিন ব্যক্তি নিহত হয়। ইন্টারনেটে প্রচার করা ভিডিওচিত্রে মৃতদেহে বিষাক্ত গ্যাসের প্রভাব দেখা যায়।২৯ এপ্রিলপ্রত্যক্ষদর্শীরা জানান, সারাকেব এলাকায় হেলিকপ্টার থেকে ফেলা বিষাক্ত গ্যাসে আটজন অসুস্থ হয়২১ আগস্টদামেস্কের অদূরে ঘুটা এলাকায় শত শত লোক নিহত হওয়ার অভিযোগ। এ জন্য সেনাবাহিনী ও বিদ্রোহীরা পরস্পরকে দায়ী করছে।