রাসায়নিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছেন বাশার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার রাজধানী দামেস্ক ও উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে গতকাল বুধবার নতুন করে ব্যাপক লড়াই হয়েছে। এদিকে দেশটির রাসায়নিক অস্ত্রভান্ডারের সাবেক প্রধান মেজর জেনারেল আদনান সিল্লু বলেছেন, সিরিয়া সরকার রাসায়নিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে। যুক্তরাজ্যের দ্য টাইমস পত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকারে আদনান সিল্লু বলেন, তিনি তিন মাস আগে সিরিয়ার সেনাবাহিনী থেকে বেরিয়ে আসার আগে গুরুত্বপূর্ণ কয়েকটি সভায় অংশ নেন। এসব বৈঠকে রাসায়নিক অস্ত্রের ব্যবহার নিয়ে আলোচনা হয়। আলেপ্পোর মতো গুরুত্বপূর্ণ এলাকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সর্বশেষ পদক্ষেপ হিসেবে রাসায়নিক অস্ত্র ব্যবহারের ব্যাপারে আলোচনা হয়েছিল।বিদ্রোহী সূত্র জানায়, দামেস্কের দক্ষিণ-পশ্চিমে মুয়াধামিয়া, জাদিদাত, আরতৌজ ও কানাকির, উত্তর-পশ্চিমে কাদসায়া ও দক্ষিণাঞ্চলীয় কাদ্দাম, আসালি ও হাজার আল-আসওয়াদ অঞ্চলে সরকারি বাহিনী অভিযান চালিয়েছে। এ সময় তারা ভারী অস্ত্র ব্যবহার করে এবং বিমান থেকে বোমা ফেলে।দামেস্কের কাছে ব্যাপক লড়াই: আসাদ-বিরোধীরা জানায়, সরকারি বাহিনী দামেস্কের দক্ষিণাঞ্চলীয় হাজার আল-আসওয়াদ শহরতলির দিকে অগ্রসর হচ্ছে। এতে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, সরকারি বাহিনী ‘সন্ত্রাসীদের’ হত্যা করছে।এদিকে, সরকারি বাহিনীকে হটিয়ে বিদ্রোহীরা তুর্কি সীমান্তের কাছে তাল আল-আবিয়াদ এলাকার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। তুরস্কের সরকারি কর্মকর্তারা এ খবর জানান। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়, সরকারি বাহিনী ইদলিব ও হামা প্রদেশে বেসামরিক লোকজনকে নির্বিচারে হত্যা করছে। সবার দৃষ্টি দামেস্ক ও আলেপ্পোর দিকে রয়েছে বলে ইদলিব ও হামায় হামলার খবর অপ্রকাশিত রয়ে যাচ্ছে। আলেপ্পো শহরের বাব আল-হাদিদ, বাব আল-নাসরসহ বিভিন্ন এলাকায় সরকারি বাহিনী বোমাবর্ষণ করে। এ ছাড়া দূরবর্তী হানানু ও আল-বাব এলাকায়ও হামলা চালানো হয়। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালেহি দামেস্কে পৌঁছেছেন। তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবং অন্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এএফপি ও বিবিসি।