রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের ব্যবহার হয়ে থাকলেই দেশটিতে সামরিক হস্তক্ষেপ জায়েজ হয়ে যাবে না। গতকাল বৃহস্পতিবার মস্কোয় বাল্টিক অঞ্চলের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।লাভরভ আরও জানান, সিরিয়ায় সহিংসতা বন্ধে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রস্তাবিত আন্তর্জাতিক শান্তি সম্মেলনে যোগ দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেম। তিনি সম্মেলনে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষে নেতৃত্ব দেবেন।রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘সিরিয়ায় রাসায়নিক অস্ত্র প্রয়োগের বিষয়টি উসকানিমূলকভাবে ব্যবহার করা হচ্ছে। আমি এ বিষয়টি নাকচ করতে পারছি না যে, কেউ কেউ রাসায়নিক অস্ত্রের ব্যবহারকে সিরিয়ার চূড়ান্ত সীমারেখা পার হওয়া ধরতে চাইছেন। এই বিষয়টিকে ধরে তাঁরা দেশটিতে সামরিক হস্তক্ষেপ জরুরি বলে তুলে ধরছেন। কিন্তু সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের ব্যবহারের প্রমাণ মিললেই সেখানে সামরিক হস্তক্ষেপ জায়েজ হয়ে যাবে না।’ রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে পররাষ্ট্রমন্ত্রী লাভরভ জানান, শান্তি সম্মেলনে সিরিয়ার পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মুয়াল্লেম। লাভরভ বলেন, ‘আমরা সিরিয়ার সরকারের সঙ্গে কাজ করছি। ইতিমধ্যে তাঁরা সম্মেলনে যোগ দেওয়ার ব্যাপারে তাঁদের প্রস্তুতির কথা আমাদের জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী মুয়াল্লেমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সম্মেলনে যোগ দেবেন।’জাওয়াহিরির অডিও বার্তা: আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার শীর্ষ নেতা আইমান আল জাওয়াহিরি এক অডিও বার্তায় জিহাদিদের সিরিয়ার সংঘাতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। দামেস্কে মার্কিনবিরোধী সরকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের আহ্বান জানান তিনি। এএফপি, রয়টার্স।