সিরিয়ার বিদ্রোহীদের দমনে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাসায়নিক অস্ত্র প্রয়োগ করলে তা বর্তমান পরিস্থিতিকে পাল্টে দিতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। দেশটির রক্তক্ষয়ী গৃহযুদ্ধ অবসানে হস্তক্ষেপ করতে যুক্তরাষ্ট্রের ভেতরে ও বাইরে থেকে ক্রমবর্ধমান চাপের মুখে গত শুক্রবার তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।তবে একই সঙ্গে প্রেসিডেন্ট ওবামা বলেন, ওয়াশিংটন সিরিয়া নিয়ে সতর্কভাবে কাজ করবে এবং দেশটিতে প্রকৃতই রাসায়নিক অস্ত্রের ব্যবহার হয়ে থাকলে তা কীভাবে ও কখন হয়েছে, তা প্রমাণ করবে। ওবামার এই কথার এক দিন আগে মার্কিন কর্মকর্তারা বলেন, সিরিয়ায় অল্পমাত্রায় হলেও হামলায় সারিন গ্যাস ব্যবহার করা হয়েছে বলে তাঁদের ধারণা।ইতিপূর্বে ওবামা প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উদ্দেশ করে বলেছেন, বিদ্রোহীদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্রের ব্যবহার করা হলে তা ‘রেড লাইন’ (চূড়ান্ত বিপৎসীমা) অতিক্রম করবে। রাসায়নিক অস্ত্রের ব্যবহার নিয়ে প্রকাশিত খবর যুক্তরাষ্ট্রের তরফ থেকে ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বের সঙ্গে তদন্ত করারও প্রতিশ্রুতি দেন তিনি।বিশ্লেষকেরা বলেন, ওই অস্ত্রের ব্যবহার নিয়ে প্রাথমিক গোয়েন্দা তথ্যের ওপর নির্ভর করে সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের বিষয়ে প্রেসিডেন্ট ওবামাকে দৃশ্যত সতর্ক বলে মনে হচ্ছে।যুক্তরাষ্ট্রের ওভাল অফিসে গত শুক্রবার জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে বৈঠকে ওবামা বলেন, প্রেসিডেন্ট বাশারের রাসায়নিক অস্ত্রের ব্যবহার সিরিয়ার পরিস্থিতি পাল্টে দিতে পারে। তিনি বলেন, ‘আমি মনে করি, যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী সবাই মনে করে, আমরা নীরব দর্শক হয়ে থাকতে পারি না। বেসামরিক জনগণের ওপর রাসায়নিক অস্ত্রের মতো অস্ত্রের পরিকল্পিত ব্যবহার আমরা মানতে পারি না।’বৈঠকে ওবামা বলেন, ‘আমাদের সতর্কভাবে এগোতে হবে। সুচিন্তিতভাবে পরিস্থিতি মূল্যায়ন করতে হবে।’ ওবামার এই বক্তব্যের আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও বলেন, নিজ জনগণের বিরুদ্ধে প্রেসিডেন্ট বাশারের রাসায়নিক অস্ত্রের ব্যবহার নিয়ে পাওয়া তথ্য ‘সর্বোচ্চ গুরুত্বের’ সঙ্গে বিবেচনা করা উচিত। এএফপি।