রাসায়নিক উৎপাদনের বিরুদ্ধে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ-পশ্চিম চীনের কুনমিং শহরের একটি শোধনাগারে রাসায়নিক দ্রব্য উৎপাদনের পরিকল্পনার বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে শত শত মানুষ। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারের চীনা সংস্করণ ওয়েইবোতে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বিক্ষুব্ধ জনতা ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ের কেন্দ্রস্থলে জড়ো হয়ে বিভিন্ন ব্যানার তুলে ধরে প্রতিবাদ করছে। তারা প্যারাক্সিলিন (পিএক্স) নামে রাসায়নিক উৎপাদনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিল। বস্ত্র ও প্লাস্টিকের বোতল তৈরিতে ওই রাসায়নিক পদার্থটি ব্যবহার করা হয়ে থাকে। একটি ব্যানারে লেখা ছিল, ‘এই শোধনাগারের পাশাপাশি পিএক্সকে কুনমিং শহর থেকে দূর করো’। আরেকটিতে লেখা, ‘পরিবেশদূষণের প্রতিবাদ করুন’। অন্য কয়েকটি ছবিতে ঘটনাস্থলে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। অন্তত কয়েকজন বিক্ষোভকারীকে ঘটনাস্থল থেকে পুলিশ ধরে নিয়ে গেছে বলে মনে করা হচ্ছে। বিক্ষোভের স্থানে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে ওয়েইবোতে প্রকাশিত কয়েকটি ছবিতে দেখা যায়, পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।চীনে বেশ কিছুদিন ধরে যেকোনো মূল্যে অর্থনীতির প্রবৃদ্ধির চাকা শক্তিশালী করার চেষ্টা চলছে। এই প্রচেষ্টার কারণেই মূলত গত তিন দশক ধরে দেশটির অর্থনীতি ফুলেফেঁপে বড় হয়ে চলেছে। তবে দেশটির শহুরে বিত্তশালী জনগোষ্ঠী ক্রমেই বেশি করে নির্বিচার উন্নয়নের এই নীতির বিরুদ্ধে দাঁড়াতে শুরু করেছে। এই শ্রেণীর মানুষের মধ্যে পরিবেশদূষণ নিয়ে উদ্বেগ বাড়ছে এবং তারা এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। রয়টার্স।