রাহিল শরিফ পাকিস্তানের নতুন সেনাপ্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লে. জেনারেল রাহিল শরিফ
লে. জেনারেল রাহিল শরিফ

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গতকাল বুধবার পাকিস্তানের নতুন সেনাপ্রধানের নাম ঘোষণা করা হয়েছে। লে. জেনারেল রাহিল শরিফ নতুন সেনাপ্রধানের দায়িত্ব নিতে যাচ্ছেন। পদাতিক বাহিনীর কার্যপদ্ধতির পরিবর্তনের মাধ্যমে সুনাম কুড়িয়েছেন এ সেনা কর্মকর্তা।
বর্তমান সেনাপ্রধান জেনারেল আশফাক কায়ানি আগামীকাল শুক্রবার অবসরে যাচ্ছেন।
প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কার্যালয়ের এক বার্তায় রাহিলকে সেনাপ্রধান করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বার্তায় আরও জানানো হয়েছে, লে. জেনারেল রাশেদ মাহমুদকে সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান করা হয়েছে। দুই শীর্ষ কর্মকর্তাই গতকাল সকালে প্রধানমন্ত্রী নওয়াজের সঙ্গে সাক্ষাৎ করেন।
লে. জেনারেল রাহিল ইন্সপেক্টর জেনারেল ট্রেইনিং অ্যান্ড ইভাল্যুয়েশন পদে দায়িত্ব পালন করছিলেন। লে. জেনারেল রাশেদ ছিলেন চিফ অব জেনারেল স্টাফের দায়িত্বে।
পারমাণবিক শক্তিধর পাকিস্তানে সেনাবাহিনীকে প্রথাগতভাবে সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা হয়। সে কারণে এ দেশে সেনাপ্রধানের পদটি খুব গুরুত্বপূর্ণ।
পাকিস্তানি বিশ্লেষক হাসান আসকারি বলেছেন, ‘পাকিস্তানের তালেবান জঙ্গিদের মোকাবিলায় নতুন সেনাপ্রধান কঠোর নীতি অবলম্বন করবেন বলেই আমি মনে করি। কারণ রাহিল সেনা পরিবারের সন্তান। তাঁর বাবা শহীদ হয়েছিলেন। ভাই দেশের সর্বোচ্চ সামরিক পদ লাভ করেছিলেন।’ এএফপি ও ডন।