
রাজনৈতিক মতানৈক্যকে নিতান্ত ব্যক্তিগত কাজিয়ায় নামিয়ে আনার মধ্য দিয়ে আজ বুধবার ভারতীয় লোকসভার অষ্টম পর্যায়ের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই পর্যায়ে ভোট হবে সাত রাজ্যের ৬৪ আসনে। অন্যদের পাশাপাশি আজ ভাগ্য নির্ধারিত হবে কাছাকাছি দুই আসনে লড়া গান্ধী পরিবারের দুই প্রতিদ্বন্দ্বী রাহুল ও বরুণের।
আজ ভোট হওয়া সাত রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি আসন রয়েছে অন্ধ্র প্রদেশে। সেখানে ভোট হবে সীমান্ধ্র অঞ্চলের ২৫টি লোকসভা আসনে। পাশাপাশি ভোট নেওয়া হবে ১৭৫টি রাজ্য বিধানসভা আসনেও।
সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে ভোট হবে ১৫ আসনে। এগুলোর অন্যতম আমেথি, যেখানে প্রচারণার শেষ দিন সোমবার দলীয় প্রার্থী স্মৃতি ইরানির হয়ে মাঠে নেমে নরেন্দ্র মোদি কঠিন মোকাবিলার মুখে দাঁড় করিয়েছেন কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধীকে। আজকের ভোটের পরে বাকি থাকবে ১২ মে শেষ পর্যায়ের ভোট। গণনা হবে ১৬ মে।
এ ছাড়া বিহারের সাতটি, জম্মু-কাশ্মীরের দুটি, উত্তরাখন্ডে পাঁচ, হিমাচল প্রদেশে চার ও পশ্চিমবঙ্গের ছয়টি আসনে ভোট হবে আজ। উত্তর প্রদেশের আমেথিতে রাহুল গান্ধীর মতো আজই নির্ধারিত হবে পাশের কেন্দ্র সুলতানপুরে আর এক গান্ধী বরুণের নির্বাচনী ভাগ্য। রাহুলের প্রশংসা করায় ভোটের আগে বিজেপির তরুণ নেতা বরুণ সতর্ক হয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও বরুণ একবারের জন্যও রাহুল-প্রিয়াঙ্কার সমালোচনা যেমন করেননি, তেমনই রাহুল-প্রিয়াঙ্কাও কখনো বরুণের নাম করে সমালোচনায় নামেননি। কংগ্রেসের কেন্দ্রীয় বড় নেতারা বরুণের নিন্দা করতে সুলতানপুরে প্রচারে যাননি। কিন্তু এই রাজনৈতিক শিষ্টাচারের ধারেকাছে দিয়েও হাঁটেননি নরেন্দ্র মোদি। ফলে আমেথিকে কেন্দ্র করে এবার অন্য একধরনের রাজনৈতিক সংস্কৃতি শুরু হলো ভারতে।
অন্ধ্র প্রদেশের সীমান্ধ্র এলাকার যে ২৫ আসনে আজ ভোট, রাজ্যভাগের কারণে সেখানে কংগ্রেসের কোনো সম্ভাবনাই প্রায় নেই। এই আসনগুলোতে মূলত লড়াই হবে বিজেপি-তেলেগু দেশমের সঙ্গে জগনমোহন রেড্ডির ওয়াই এস আর কংগ্রেসের। তেলেগু দেশম নেতা চন্দ্রবাবু নাইডু গত ১০ বছর ক্ষমতার বাইরে, অন্যদিকে জগনমোহন রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসতে চাইছেন। চন্দ্রবাবু বিজেপির সঙ্গে গাঁটছড়া বাঁধলেও জগনমোহন একাধিক সাক্ষাৎকারে বলেছেন, কংগ্রেস ছাড়া অন্য সব দলের জন্যই তাঁর দরজা খোলা। ১ জুন রাজ্য ভাগাভাগি চূড়ান্ত হয়ে জন্ম হবে ভারতের ২৯তম রাজ্য তেলেঙ্গানার। কাজেই সীমান্ধ্রের ভোট অন্য এক আগ্রহের সৃষ্টি করেছে।
বিহারে যে সাত আসনে ভোট, গত নির্বাচনে সেগুলোর মধ্যে পাঁচটি পেয়েছিল জনতা দল (সংযুক্ত), বাকি দুটি কেন্দ্র সারণ ও মহারাজগঞ্জ পেয়েছিল রাষ্ট্রীয় জনতা দল। সারণে জিতেছিলেন লালু প্রসাদ। পশুখাদ্য কেলেঙ্কারিতে সাজা হওয়ায় নতুন আইনে ভোটে দাঁড়ানোর অধিকার হারিয়ে স্ত্রী রাবড়ি দেবীকে সারণ থেকে দাঁড় করিয়েছেন। তাঁকে চ্যালেঞ্জ জানিয়েছেন বিজেপির তরুণ নেতা রাজীব প্রতাপ রুডি, আগেরবার যিনি লালু প্রসাদের কাছে সামান্য ভোটে হেরেছিলেন। বিহারেরই হাজীপুরে লড়ছেন লোক জনশক্তি পার্টির নেতা রামবিলাস পাসোয়ান। বিজেপির সঙ্গে এবার তাঁর দলের জোট। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে সংযুক্ত জনতা দলের সভাপতি শারদ যাদবের মতানৈক্য শুরু হয়েছে নরেন্দ্র মোদিকে নিয়ে। বিজেপিকে ছেড়ে দুর্বল নীতিশ এই ভোটে আর কতটা শক্তি হারান, সেটাই লক্ষণীয়।
আরও দ্রষ্টব্য পশ্চিমবঙ্গের ছয়টি আসনে আজকের ভোটবিরোধীদের সন্তুষ্ট করতে পারে কি না। আগের ভোটে শাসক দলের বিরুদ্ধে বিরোধীরা ব্যাপক কারচুপি ও সহিংসতার অভিযোগ এনেছিলেন। নির্বাচন কমিশনের বিরুদ্ধেও চরম নিষ্ক্রিয়তার অভিযোগ এনে প্রধান পর্যবেক্ষককে বরখাস্ত করার দাবিও জানিয়েছিলেন। সমস্বরে এই প্রতিবাদের মুখে দাঁড়িয়ে অষ্টম পর্যায়ের ভোটে নির্বাচন কমিশন ভোট গ্রহণকে কতটা সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে পারে, সেটাই দেখার।
ভোট গ্রহণের শেষ পর্যায়ে নির্বাচনী ইস্যুকে ছাপিয়ে যে বিষয়টি বড় হয়ে উঠেছে, তা ব্যক্তিগত কাজিয়া। এই কাজিয়ার মধ্যমণি হয়ে দাঁড়িয়েছেন নরেন্দ্র মোদি ও প্রিয়াঙ্কা গান্ধী। তা আরও তিক্ত হয়ে উঠেছে মোদির আমেথি সফরকে কেন্দ্র করে। কংগ্রেসের ঘাঁটি আমেথি গিয়ে সেই জেলাকে মোদি ‘দেশের সব থেকে খারাপ ও অনুন্নত’ বলে অভিহিত করে উন্নয়নের জন্য স্মৃতি ইরানিকে জয়ী করার আহ্বান জানান। প্রত্যুত্তরে প্রিয়াঙ্কার কটাক্ষ, ‘স্মৃতি? কে তিনি?’ শুনে ক্ষুব্ধ মোদির পাল্টা, ‘দেখুন, ঔদ্ধত্য কী রকম তা একবার দেখুন।’ প্রিয়াঙ্কাও পাল্টা বলেন, ‘আমেথি এসে মোদি আমার শহীদ বাবাকে অপমান করেছেন। আমেথির প্রতিটি বুথ মোদির নীচ রাজনীতির জবাব দেবে।’ মোদিও চট করে তাঁর জাতিগত অনগ্রসরতাকে তুলে ধরে টুইট করেন, ‘নিচু জাতে জন্মেছি বলে ওঁরা মনে করেন, আমার রাজনীতিও নিম্ন মানের। নিচু জাতের মানুষদের ত্যাগ ও কঠোর পরিশ্রম এই দেশকে কোথায় নিয়ে এসেছে, তা অনেকে দেখতে চান না। এই নিম্নমানের রাজনীতিই ৬০ বছরের অপশাসন দূর করে ভোট ব্যাংক রাজনীতির অবসান ঘটিয়ে লাখো মানুষের চোখের জল মুছে দেবে।’
এই কাজিয়ার মাঝেই হবে আজকের ভোট গ্রহণ। অর্জুনের মতো উত্তর প্রদেশকে মোদি মাছের চোখ করে রেখেছেন। কিন্তু রাজ্যে আজ যে ১৫ আসন ও শেষ পর্যায় ১২ মে যে ১৮টি আসনের ভোট হবে, সেই ৩৩টি আসনের মধ্যে গতবার বিজেপি পেয়েছিল মাত্র চারটি। আজকের ১৫ আসনের একটিও বিজেপি জেতেনি। কাজেই উত্তর প্রদেশের এই দুই পর্যায়ের ভোটের ওপর মোদির ভাগ্যও অনেকাংশে নির্ভর করছে।