রাহুল কি প্রধানমন্ত্রী প্রার্থী হচ্ছেন?

রাহুল গান্ধী শেষ পর্যন্ত কংগ্রেসের প্রধানমন্ত্রী প্রার্থী হবেন কি না, সেটাই আপাতত কোটি টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। শুধু প্রশ্নই নয়, কংগ্রেস মহলে তো বটেই, অন্যান্য রাজনৈতিক দলেও শুরু হয়েছে জল্পনাকল্পনা। বিষয়টি এমন এক সময় সামনে এল, যখন কংগ্রেসের পালে হাওয়া একেবারেই নেই।
আগামী জানুয়ারির ১৭ তারিখে দিল্লিতে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (এআইসিসি) এক দিনের সম্মেলন বসছে। সেখানে রাহুলকে দায়িত্ব দেওয়ার প্রশ্নটি বিবেচিত হতে পারে, এমন একটি জল্পনা আচমকাই উঠে এসেছে। অধিবেশনের ঘোষণার পর কংগ্রেসের অন্যতম মুখপাত্র প্রিয়া দত্ত বলেন, ‘রাহুলকে যদি এই অধিবেশনে প্রধানমন্ত্রী প্রার্থী করা হয়, তাহলে আমরা খুশি হব।’ গত বছরের ডিসেম্বরে এআইসিসি অধিবেশন বসেছিল জয়পুরে। সেখানেই রাহুলকে দলের সহসভাপতি করা হয়। তার আগে-পরে একাধিকবার রাহুলকে প্রধানমন্ত্রিত্ব দেওয়ার দাবি উঠেছিল। তবে তিনি রাজি হননি। ফলে, জানুয়ারিতে রাহুল সেই দায়িত্ব নেবেন কি না, দুই শিবিরে এ প্রশ্ন উঠতে শুরু করেছে।
কংগ্রেসের নেতা দিগ্বিজয় সিং মনে করেন, রাহুল দায়িত্ব নিলে হাওয়া ঘুরতে পারে। দলের এক সাধারণ সম্পাদক প্রথম আলোকে বলেন, রাহুলকে এই কঠিন সময় চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। সম্ভবত তিনি নিজেও তা উপলব্ধি করেন। সে কারণে তিনি নিজেই লোকপাল বিল পাস করার দায়িত্ব নিয়েছেন।
কংগ্রেস সূত্র বলছে, লোকপাল বিল সংসদের দুই কক্ষে পাস হওয়ার পর রাহুল মহারাষ্ট্রে আন্না হাজারের গ্রাম রালেগাঁও সিদ্দিতে গিয়ে তাঁর অনশন ভাঙাতে পারেন।
দেশের বিভিন্ন রাজ্যে কংগ্রেসের এই মুহূর্তে যে অবস্থা, তাতে ২০১৪ সালে তাদের ক্ষমতায় ফেরার সম্ভাবনা যথেষ্ট কম। চার রাজ্যের নির্বাচনে কিছুটা ইঙ্গিতও মিলেছে। এ অবস্থায় রাহুলকে প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা আদৌ যৌক্তিক হবে কি না, সেই প্রশ্নও রাজনৈতিক মহলে উঠছে।