রাহুল গান্ধীর নতুন স্লোগান
ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের দ্বিতীয় শীর্ষ নেতা রাহুল গান্ধী সাধারণ নির্বাচন সামনে রেখে প্রচার কার্যক্রমে নতুন একটি স্লোগান ব্যবহার করছেন। স্লোগানটি হচ্ছে: ‘আস্ত রুটি খান, ১০০ দিন কাজ করুন, বিনা মূল্যে ওষুধ নিন আর কংগ্রেসকে জয়ী করুন।’ রাজস্থান রাজ্যের উপজাতি অধ্যুষিত উদয়পুর জেলায় গত বুধবার এক জনসভায় স্লোগানটি উচ্চারণ করেন রাহুল। কংগ্রেসের একটি পুরোনো স্লোগানের সঙ্গে মিল রেখে এটি তৈরি করা হয়েছে। প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদি যেখানে নির্বাচনী প্রচারের কৌশল হিসেবে কংগ্রেসের প্রতি বিদ্রূপ করাকে বেছে নিয়েছেন, সেখানে রাহুল পুরোনো স্লোগান নবায়নের ওপর গুরুত্ব দিলেন। এ ছাড়া তিনি বর্তমান সরকারের আমলে খাদ্যনিরাপত্তা বিল ও ভূমি অধিগ্রহণের মতো জনকল্যাণমূলক অর্জনের মতো বিষয়গুলো তুলে ধরেন। রাহুল বলেন, বিরোধী দল দরিদ্রদের প্রতি ইতিবাচক নয়। তারা কেবল অবকাঠামো নির্মাণের ওপর গুরুত্ব দিয়ে থাকে। কিন্তু কংগ্রেস বিশ্বাস করে, অবকাঠামো নির্মাণের পাশাপাশি শ্রমিক ও সাধারণ মানুষের জন্য পর্যাপ্ত খাবার নিশ্চিত করলেই কেবল উন্নয়নের পথে এগিয়ে যাওয়া সম্ভব। ভারতের পাঁচটি রাজ্যে আগামী নভেম্বরে আঞ্চলিক আইন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এনডিটিভি।