রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা জোরালো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও ক্ষমতাসীন কংগ্রেস দলের অন্যতম শীর্ষস্থানীয় নেতা প্রণব মুখার্জি বলেছেন, রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। রাহুল গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রধান সোনিয়া গান্ধীর ছেলে ও দলের সাধারণ সম্পাদক।সাক্ষাৎকারে প্রণব মুখার্জির কাছে জানতে চাওয়া হয়েছিল, রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপারে তিনি কী ভাবছেন। এর জবাবে এই নেতা বলেন, ‘আপনারা কেন অপেক্ষা করতে চাইছেন না? প্রধানমন্ত্রী হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে রাহুল গান্ধীর। কারণ দেশের প্রধান দলের একজন জনপ্রিয় নেতা তিনি। তাঁর জনসভায় যে পরিমাণ জনতা সমবেত হয় তা বিস্ময়কর। পশ্চিমবঙ্গে তাঁর কয়েকটি জনসভায় গিয়েছি আমি।’ প্রধানমন্ত্রী মনমোহন সিং ও সোনিয়া গান্ধীর সঙ্গে তাঁর চমৎকার আস্থার সম্পর্ক রয়েছে বলেও উল্লেখ করেছেন প্রণব। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ‘সোনিয়া গান্ধী আপনাকে সম্মান করেন, তবে সম্ভবত বিশ্বাস করেন না—এমন একটি ধারণা প্রচলিত আছে, এ ব্যাপারে আপনার জবাব কী?’ প্রণব বলেন, ‘কোনো ধরনের আস্থাহীনতার সুযোগ কিংবা গ্রহণযোগ্যতায় ঘাটতি নেই।’ তিনি আরও বলেন, ‘এমনকি রাজীব গান্ধীও বলেছেন, তাঁর (প্রণব) সম্পর্কে অনেক কথা বলা হয়েছে, যা মিথ্যা ছিল।’ একসময় যে ব্যক্তি তাঁকে ‘স্যার’ বলে সম্বোধন করতেন সেই মনমোহন সিংয়ের অধীনে মন্ত্রিসভায় কাজ করার অনুভূতি কেমন—জানতে চাইলে প্রণব বলেন, ‘মনমোহন খাঁটি ভদ্রলোক। সৌজন্য ও নম্রতার প্রতীক। তাঁর সঙ্গে আমি কাজ করেছি। প্রধানমন্ত্রী হিসেবে তাঁকে পাওয়া ভাগ্যের বিষয়। তাঁর প্রতি রয়েছে আমার গভীর শ্রদ্ধা।’ প্রশ্ন করা হয়, তিনিও তো (প্রণব) ছিলেন প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য প্রার্থী। প্রধানমন্ত্রী না হওয়ার যন্ত্রণা কি তাঁকে পীড়া দেয়? এর জবাবে প্রণব বলেন, ‘না, এটা তাঁকে পীড়া দেয় না। কারণ প্রধানমন্ত্রী হিসেবে যোগ্য ব্যক্তি মনমোহন সিং। আমি যে দায়িত্ব পেয়েছি তাতে সন্তুষ্ট।’ বর্তমান সরকার তাঁকে ছাড়া ভেঙে পড়বে কি না জানতে চাইলে প্রণব বলেন, ‘এমনটি হবে না। আমি মনে করি, আমি যথেষ্ট করেছি।’ রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হলে সেই মন্ত্রিসভায় তিনি থাকবেন কি না জানতে চাইলে প্রণব বলেন, ‘আপনারা অনেক বেশি অনুমান করতে চাইছেন। আসুন দেখি কী হয়।’সাংবাদিকেরা প্রশ্ন করেন, কংগ্রেস ছাড়া ভারতের অন্যান্য রাজনৈতিক দল রাষ্ট্রপতি হিসেবে তাঁকেই পছন্দ করছে। ২০১২ সালে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন হবে। সেই নির্বাচনে কি প্রার্থী হবেন? এ প্রশ্নের জবাবে প্রণব বলেন, ‘দেশের সর্বোচ্চ পদ রাষ্ট্রপতি। ব্যক্তিগতভাবে আমি মনে করি এই পদের জন্য দেনদরবার করা মানায় না। যোগ্য ব্যক্তিকেই এই পদে বরণ করে নেওয়া হয়।’