রাহুল গান্ধীর মন্তব্য নিয়ে বিতর্কের ঝড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর প্রদেশের মুজাফফরনগরে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার শিকার ব্যক্তিদের সঙ্গে পাকিস্তানি গোয়েন্দারা যোগাযোগ রাখছে—এ মন্তব্য করে তোপের মুখে পড়েছেন রাহুল গান্ধী।
ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী গত বৃহস্পতিবার মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোরে এক নির্বাচনী জনসভায় ভাষণ দেন। এ সময় তিনি বলেন, ‘দুই দিন আগে একজন গোয়েন্দা কর্মকর্তা আমার দপ্তরে আসেন। তিনি আমাকে জানান, পাকিস্তানের লোকজন মুজাফফরনগরে সহিংসতায় নিহত মুসলিমদের স্বজনদের সঙ্গে কথা বলছে। ওই কর্মকর্তা আমাকে আরও জানিয়েছেন, তিনি পাকিস্তানি প্রচারণায় প্রভাবিত না হতে ঘটনার শিকার ব্যক্তিদের বোঝানোর চেষ্টা চালাচ্ছেন।’
রাহুল বলেন, পাকিস্তানি গোয়েন্দারা মুজাফফরনগরের মুসলিমদের সন্ত্রাসবাদে জড়িত হওয়ার উসকানি দিচ্ছে।
রাহুল গান্ধী সাম্প্রদায়িক দাঙ্গার জন্য প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) দায়ী করেন। তিনি জনতার উদ্দেশে বলেন, ‘এই সাম্প্রদায়িকতার আগুন নেভাবে কে? জাফরান ব্রিগেড দেশে হিন্দু ও মুসলিমদের মধ্যে বিদ্বেষ তৈরি করছে। কংগ্রেসকেই এই আগুন নেভাতে হবে।’ বিজেপির ভূমিকা ভারতের নিরাপত্তা এবং অখণ্ডতার ওপর প্রভাব ফেলবে বলেও মন্তব্য করেন তিনি।
রাহুলের এ বক্তব্য ভারতে বিতর্ক উসকে দিয়েছে। তাঁর কথাকে ‘খুব দুঃখজনক’ আখ্যায়িত করেছেন ভারতের মুসলিম নেতারা। শিয়া নেতা মাওলানা সাইফ আব্বাস নাকভি বলেন, এ ধরনের মন্তব্য মুসলমানদের কেবল খারাপভাবে চিত্রিতই করেনি, তা সাম্প্রদায়িক শক্তিকে শক্তিশালীও করেছে।
রাহুলের মন্তব্যকে ‘সবচেয়ে দুঃখজনক’ আখ্যা দিয়ে মাওলানা আবুল ইরফান মিঞা ফারাঙ্গী মহালী এ জন্য অবিলম্বে তাঁকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছেন। তিনি বলেন কংগ্রেসের মতো একটি জাতীয় দলের একজন নেতা মুসলমানদের বিরুদ্ধে এমন সস্তা ও বেদনাদায়ক মন্তব্য করতে পারেন না।
বিজেপি এবং উত্তর প্রদেশের ক্ষমতাসীন দল সমাজবাদী পার্টি তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে। বিজেপি রাহুলের মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে বলেছে, তারা নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করবে। দলটির মুখপাত্র শাহনেওয়াজ হোসাইন বলেন, ‘রাহুলের মন্তব্য দুঃখজনক। এ জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে।’ সমাজবাদী পার্টির আজম খান বলেছেন, একজন কনিষ্ঠ গোয়েন্দা কর্মকর্তার কাছ থেকে পাওয়া তথ্য দিয়ে জনসভায় এভাবে বক্তব্য দেওয়া রাহুলের ঠিক হয়নি। এমন কোনো বিষয় তাঁর জানা থাকলে তিনি তা উত্তর প্রদেশ বা কেন্দ্রীয় সরকারকে জানাতে পারতেন।
একজন তরুণীকে উত্ত্যক্ত করা নিয়ে গত সেপ্টেম্বর মাসে উত্তর প্রদেশের মুজাফফরনগরে সাম্প্রদায়িক সহিংসতার সূত্রপাত ঘটে। এতে অন্তত ৬২ জন মারা যায়। এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।