রাহুল-সোনিয়ার পদত্যাগের গুঞ্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনিয়া গান্ধী
সোনিয়া গান্ধী

ষোড়শ লোকসভা নির্বাচনে ভরাডুবির কারণ খুঁজতে দলীয় নেতা-কর্মীরা যখন ব্যস্ত, সেই সময়ে গুঞ্জন ছড়িয়েছে কংগ্রেস শিবিরে। তা হলো, দলের সভানেত্রীর পদ থেকে সোনিয়া গান্ধী এবং সহসভাপতির পদ থেকে তাঁর ছেলে রাহুল গান্ধী পদত্যাগ করতে পারেন।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, আগামী সোমবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির (সিডব্লিউসি) একটি বৈঠক আছে। সে বৈঠকেই পদত্যাগের সিদ্ধান্ত জানাতে পারেন রাহুল ও সোনিয়া। তবে দলের শীর্ষ সূত্রগুলো এ গুঞ্জন উড়িয়ে দিয়েছে।
এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক কংগ্রেসের শীর্ষস্থানীয় এক নেতা বলেন, ‘এসব ফালতু কথা। এটি সামনে এগিয়ে যাওয়ার পথ নয়। এটি কোনো সমাধান নয়।’

রাহুল গান্ধী
রাহুল গান্ধী

রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে নানা প্রশ্নকে সামনে নিয়েই ১৯ মে কংগ্রেসের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিডব্লিউসির বৈঠকটি অনুষ্ঠিত হবে। এ ছাড়া দ্বিতীয় মেয়াদে মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সাফল্য-ব্যর্থতা এবং নির্বাচনে দলের কৌশল নিয়ে বৈঠকে আলোচনা হবে।
এদিকে এবারের নির্বাচনে কংগ্রেসের শোচনীয় পরাজয়ের কারণ হিসেবে অনেক জ্যেষ্ঠ নেতা রাহুল গান্ধীর গুরুত্বপূর্ণ উপদেষ্টাদের দুষছেন। অন্যদিকে কেউ কেউ প্রার্থী বাছাইয়ের ভুলকে মূল কারণ হিসেবে দেখছেন। এই সমালোচকদের অগ্রভাগে আছেন জ্যেষ্ঠ নেতা জয়রাম রমেশ, মোহন গোপাল, মধুসূদন মিস্ত্রি, মোহন প্রকাশ ও অজয় মাকেন।