রাহুলকে নিয়ে রামদেবের বিস্ফোরক মন্তব্য, এজাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কংগ্রেস পার্টির সহসভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে কটূক্তি করায় যোগগুরু রাম দেবের বিরুদ্ধে এজাহার দাখিল করা হয়েছে।
গতকাল শুক্রবার রামদেব একটি অনুষ্ঠানে রাহুল গান্ধীর কথা উল্লেখ করে বলেন, ‘তিনি (রাহুল) দলিত সম্প্রদায়ের বাড়িতে কেবল হানিমুন ও পিকনিক করতে যান। তিনি যদি দলিত সম্প্রদায়ের কোনো মেয়েকে বিয়ে করতেন, তবে তাঁর কপাল খুলে যেত। তিনি হয়তো প্রধানমন্ত্রী হয়ে যেতেন।’

রামদেব বলেন, ‘রাহুল বেচারার কপালটাই খারাপ। মা (সোনিয়া গান্ধী) তাকে বলেছেন, “যদি বিদেশি মেয়ে বিয়ে করো, তবে তুমি প্রধানমন্ত্রী হতে পারবে না।” কিন্তু এই ছেলে তো ভারতীয় মেয়ে বিয়ে করতে চায় না। তার মা চান, সে আগে প্রধানমন্ত্রী হোক, তারপর বিদেশি মেয়েকে বিয়ে করুক।’

রামদেব আরও বলেন, চলমান লোকসভা নির্বাচনে রাহুল এবার কোনোভাবেই আমেথি আসনে জয়লাভ করতে পারবেন না, এটা শতভাগ নিশ্চিত। এবার ওই আসনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী স্মৃতি ইরানি জিতবেন। তিনি আরও বলেন, আম আদমি পার্টির কুমার বিশ্বাস আমেথিতে রাহুলের বিরুদ্ধে বীজ বপন করেছেন, আর তার ফল ভোগ করবেন স্মৃতি ইরানি।

রামদেবের এ বক্তব্য নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হওয়ায় রামদেব বলেছেন, তিনি নেতিবাচক অর্থে কিছু বলেননি। তাঁর কথায় দলিত সম্প্রদায়ের মানুষের অনুভূতিতে আঘাত লাগলে বক্তব্য প্রত্যাহার করে নেবেন বলে তিনি জানান।

এর আগে যোগগুরু রামদেবের বিরুদ্ধে কংগ্রেস অভিযোগ তোলে, তিনি বিজেপির পক্ষে প্রচার চালাচ্ছেন। এ অভিযোগ অস্বীকার করে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার যোগ ব্যায়ামের ক্যাম্প পুরোপুরি অরাজনৈতিক। আমরা এ ক্যাম্প থেকে ভোটের আবেদন করি না। গণমাধ্যমে মতামত প্রকাশ করা আমার সাংবিধানিক অধিকার।’