ভারতের পরবর্তী নির্বাচনে কংগ্রেস ক্ষমতায় এলে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান দেশটির ৩৩ শতাংশ মানুষ। আর ২০ শতাংশের পছন্দ প্রণব মুখোপাধ্যায়কে। সরকারের তিন বছর পূর্তি সামনে রেখে ভারতের আটটি গুরুত্বপূর্ণ শহরে সিএনএন-আইবিএন পরিচালিত যৌথ সমীক্ষায় এ তথ্য পাওয়া গেছে। গত মঙ্গলবার ইউপিএ সরকারের তিন বছর পূর্তি উৎসবের দিনে সমীক্ষা প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। ওই দিনই সরকারের তিন বছরের কার্যক্রম নিয়ে একটি পুস্তিকাও প্রকাশ করা হয়।সিএনএন-আইবিএনের সমীক্ষায় বলা হয়, ইউপিএ সরকারের ওপর মানুষ দিন দিন আস্থা হারাচ্ছেন। তাঁদের কার্যক্রমে ৩৮ শতাংশ মানুষ খুশি। খুশি নয় এমন মানুষের সংখ্যা ৫৯ শতাংশ। তবে মনমোহন সরকারের ওপর ৬৬ শতাংশ মানুষ এখনো আস্থাশীল। আর আস্থা নেই ৩১ শতাংশের। ইউপিএ সরকার তাদের পূর্ণ মেয়াদে ক্ষমতায় থাকতে পারবে কি না, এই প্রশ্নের জবাবে ৫৮ শতাংশ মানুষ হ্যাঁ বলেছেন। আর না বলেছেন ৩২ শতাংশ। প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাজের ব্যাপারে ১৩ শতাংশ মানুষ ভালো বলেছেন। ৪১ শতাংশ বলেছেন মোটামুটি আর ৩৯ শতাংশ বলেছেন ভালো নয়। মনমোহন সিংয়ের পর কংগ্রেসের প্রধানমন্ত্রী হিসেবে কে অভিষিক্ত হতে পারেন এই প্রশ্নের জবাবে ৩৩ শতাংশ বলেছেন রাহুল গান্ধী, ২০ শতাংশ বলেছেন প্রণব মুখোপাধ্যায় আর সাত শতাংশ বলেছেন সোনিয়া গান্ধীর নাম। ইউপিএ সরকারকে আরেকবার ক্ষমতায় আসার সুযোগ দেওয়া উচিত কি না, এর জবাবে ৩৮ শতাংশ হ্যাঁ আর ৪৯ শতাংশ মানুষ না বলেছেন।আবার এনডিএ ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকে চান ৩৯ শতাংশ মানুষ। আর ১৭ শতাংশ চান লালকৃষ্ণ আদভানিকে।