রাহুলকে প্রধানমন্ত্রী হতে দিন, তারপর দেখা যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর প্রদেশে নির্বাচনের বাকি আছে আর মাত্র এক সপ্তাহ। নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী দুই পক্ষই কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধীকে নিয়ে বিতর্কে মেতেছে। প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা রবি শঙ্কর প্রসাদ বলেছেন, ‘রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হতে দিন, তারপর দেখা যাবে।’রবি শঙ্কর বলেন, ‘রাহুলকে একবারের জন্য প্রধানমন্ত্রী হতে দিন। দুই বছরের মধ্যেই জনগণ বুঝতে পারবে দেশ চালানোর ক্ষমতা তাঁর কতটুকু আছে এবং দেশের সমস্যা তিনি কতটুকু বোঝেন।’বিজেপি নেতা আরও বলেন, প্রধানমন্ত্রী হতে হলে রাহুলকে প্রথমেই যা করতে হবে তা হলো প্রধানমন্ত্রী মনমোহন সিংকে সরে দাঁড়াতে বলতে হবে।উত্তর প্রদেশে নির্বাচন সামনে রেখে সেখানে জোরালো প্রচারণা চালাচ্ছেন রাহুল গান্ধী। সেখানে মায়াবতীর ক্ষমতাসীন বহুজন সমাজবাদী পার্টির সরকারের দুর্নীতি ও ভূমি অধিগ্রহণের জোর সমালোচনা করছেন তিনি। বিশ্লেষকেরা বলছেন, এই নির্বাচন রাহুল গান্ধীর জন্য একটি বড় রাজনৈতিক পরীক্ষা। তিনি যদি ওই প্রদেশে কংগ্রেসকে ক্ষমতায় আনতে পারেন তাহলে প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রেও তিনি এগিয়ে যাবেন।তবে রাহুল গান্ধীর যোগ্যতা নিয়ে বিজেপির সমালোচনায় কংগ্রেস বরং খুশিই হয়েছে। দলটি বলেছে, এর মাধ্যমে বিজেপি পরাজয় মেনে নিল এবং কংগ্রেস যে ২০১৪ সালে আবার ক্ষমতায় আসছে, সেই বাস্তবতা তারা মেনে নিয়েছে।কংগ্রেসের মুখপাত্র অভিষেক মনু সিংভি বলেন, ‘তারা (বিজেপি) বাস্তবতা স্বীকার করে নিয়েছে, তারা বুঝতে পেরেছে, ২০১৪ সালে কেন্দ্রে এবং ২০১২ সালে উত্তর প্রদেশে কংগ্রেস আবার ক্ষমতায় আসছে। দেশের মানুষকে তারা যাই বলুক না কেন, এর কোনো ব্যত্যয় তারা ঘটাতে পারবে না।’ এনডিটিভি।