কংগ্রেসের প্রবীণ নেতা ও ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় বলেছেন, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস রাহুল গান্ধীকে সামনে রেখে লড়বে। গত মঙ্গলবার বীরভূমের লাভপুরের মিরাটি গ্রামে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।প্রণব মুখোপাধ্যায় প্রতিবছরই দুর্গাপূজার সময় নিজের গ্রামে আসেন। নিজের বাড়ির পূজামণ্ডপে চণ্ডী পাঠ করেন, পুজো করেন। এবারও এসেছেন। মঙ্গলবার মহা অষ্টমী পূজা শেষে বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রণব বলেন, ‘কংগ্রেস বরাবরই নতুন মুখ নিয়ে লড়ে আসছে। আগামী নির্বাচনে আমাদের নেতা হবেন রাহুল গান্ধী। তাঁকে সামনে রেখেই আমরা নির্বাচনে লড়ব।’প্রণব বলেন, ‘অন্য দল কাকে নেতা নির্বাচন করছে, তা নিয়ে ভাবি না। তবে কংগ্রেস আগামী নির্বাচনে নতুন মুখ আনছে। আমাদের নেতা হবেন রাহুল গান্ধী।’নির্বাচনে জয়ের ব্যাপারে প্রণব মুখোপাধ্যায় আশাবাদ ব্যক্ত করে বলেন, কিছুদিন আগে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির ফলাফল সবাই দেখেছে। বিধানসভার প্রায় ৭২৫টি আসনে লড়ে জিতেছে মাত্র চার-পাঁচটি। তামিলনাড়ু, কেরালা ও পশ্চিমবঙ্গে একটি আসনও পায়নি। এ ফলাফলই তো বুঝিয়ে দিচ্ছে, বিজেপির অবস্থান কোন জায়গায় আছে। কী ফল করবে তারা লোকসভা নির্বাচনে? আগামী বছর যেসব রাজ্যের বিধানসভা নির্বাচন হওয়ার কথা, সেসব রাজ্যেও বিজেপির জয়ের সম্ভাবনা কম।