রাহুলের আসনে এএপির প্রার্থী হচ্ছেন কুমার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমার বিশ্বাস
কুমার বিশ্বাস

আম আদমি পার্টির (এএপি) নেতা কুমার বিশ্বাস উত্তর প্রদেশের আমেথিতে খোদ রাহুল গান্ধীর বিরুদ্ধে আগামী লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। আমেথি আসনটি ক্ষমতাসীন দল কংগ্রেসের গান্ধী পরিবারের নিজেদের ঘাঁটি হিসেবে পরিচিত।
দিল্লির নির্বাচনে সাড়া জাগানো এএপির দলীয় সূত্র জানায়, কুমার বিশ্বাস শিগগিরই আমেথি সফরে যাবেন। তিনি সেখানকার রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে ধারণা নেওয়ার পাশাপাশি ‘ঝাড়ু সন্দেশ যাত্রায়’ অংশ নেবেন। অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন এএপির দলীয় প্রতীক ঝাড়ু। রাজনীতিতে একেবারে নতুন দলটি সদ্য অনুষ্ঠিত দিল্লি বিধানসভা নির্বাচনে চমকপ্রদ সাফল্য অর্জন করেছে।
আমেথি সফরে গিয়ে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করবেন কুমার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিল্লিতে বড় সাফল্যের মাধ্যমে যাত্রা শুরুর পর এএপি এবার গুরুত্বপূর্ণ রাজ্য উত্তর প্রদেশের রাজনীতিতেও অবস্থান শক্তিশালী করার উদ্যোগ নেবে। এনডিটিভি।