রাহুলের জনসভা থেকে দেরি করে ফেরায়...
ভারতে ক্ষমতাসীন দল কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধীর জনসভা থেকে দেরি করে বাড়ি ফেরায় আসাম রাজ্যে এক পঞ্চায়েত নেত্রীকে ‘পুড়িয়ে হত্যার’ অভিযোগ উঠেছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশ এখনো নিশ্চিত করতে পারেনি।
রাহুল গান্ধীকে চুমু খাওয়ার শাস্তি হিসেবে পঞ্চায়েত নেত্রী বন্টি চুটিয়ার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে প্রথমে গুজব ছড়িয়ে পড়ে। তবে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা এ ধরনের গুজব অসত্য বলে দাবি করেন। ওই সমাবেশে উপস্থিত স্থানীয় নারী স্বয়ংসেবা সংগঠনের সদস্যরা বলেন, সমাবেশে রাহুলকে চুম্বনকারী নারীদের মধ্যে বন্টি ছিলেন না।
রাহুলের জনসভায় গত বুধবার যোগ দেন পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের জোড়হাট জেলার বেকাজনগাঁও পঞ্চায়েতের কংগ্রেসদলীয় ওয়ার্ড সদস্য বন্টি। ওই রাতে বাড়ি ফেরার পর তিনি ও তাঁর স্বামী সোমেশ্বর চুটিয়া অগ্নিদগ্ধ হন। সোমেশ্বর একজন কৃষক। তাঁর শরীরের ৬০ শতাংশই পুড়ে গেছে। ওই দম্পতিকে গুরুতর অবস্থায় দিব্রুগড় মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বন্টি গত বৃহস্পতিবার মারা যান।
জেলা পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সোমেশ্বরের অবস্থা এখনো আশঙ্কাজনক। তিনি কথা বলতে সমর্থ হলেই ঘটনাটির কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে।
বেকাজনগাঁও পঞ্চায়েতের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, বন্টির পরিবারে ঝগড়াবিবাদ ছিল। তাই দেরি করে বাড়ি ফেরার কারণে তাঁর গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়ে থাকতে পারে। তবে প্রকৃত কারণটি এখনো অজানা। হিন্দুস্তান টাইমস ও জি নিউজ।