রাহুলের বিরুদ্ধে স্মৃতি ইরানি, সোনিয়ার বিরুদ্ধে অজয়

শাশুড়ি-বউয়ের টক-ঝাল-তেতো-মিষ্টি সম্পর্ককে টেলিভিশনের পর্দায় এনে একদা জনপ্রিয় হয়েছিলেন ‘শাস ভি কভি বহু থি’ সিরিয়ালের অভিনেত্রী স্মৃতি ইরানি। বিজেপি শেষ পর্যন্ত রাহুল গান্ধীর মোকাবিলায় আমেথিতে তাঁকেই প্রার্থী করল। গতকাল সোমবার গভীর রাতে বিজেপি এই ঘোষণা দিলেও আমেথির পাশের জেলা রায়বেরিলিতে সোনিয়া গান্ধীর বিরুদ্ধে জুতসই কাউকে খুঁজে পেল না। কংগ্রেসের সভানেত্রীর বিরুদ্ধে তারা দাঁড় করাচ্ছে সুপ্রিম কোর্টের আইনজীবী অজয় আগরওয়ালকে।
অজয় বরাবর কংগ্রেসবিরোধীই শুধু নন, বফর্স ও স্ট্যাম্প কেলেঙ্কারির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে তিনি জনস্বার্থ মামলা করেও খবরের শিরোনামে এসেছিলেন। এই ঘোষণার মধ্য দিয়ে হেভিওয়েট প্রার্থীদের বিরুদ্ধে বিজেপি তাদের প্রার্থীদের নাম চূড়ান্ত করে ফেললেও বারানসিতে নরেন্দ্র মোদির বিরুদ্ধে কংগ্রেস কাকে দাঁড় করাবে, সেই ‘সাসপেন্স’ কিন্তু এখনো রয়েই গেল।
স্মৃতি ইরানি অভিনেত্রী হলেও কয়েক বছর ধরে রাজনীতিটা তিনি খুব নিষ্ঠার সঙ্গেই করে আসছেন। অন্য অনেকের মতো তিনি দলের ‘শো পিস’ নন। ফলে বিজেপিও তাঁকে রাজ্যসভায় প্রার্থী করেছে। রাজ্যসভায় তিনি দলের প্রতিদিনের মুখ। তা ছাড়া গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি দলের পক্ষ থেকে টিভি বিতর্কেও অংশ নিয়ে থাকেন। স্মৃতি নিজে থেকেই আমেথিতে কংগ্রেসের সহসভাপতিকে চ্যালেঞ্জ জানানোর আগ্রহ প্রকাশ করেছিলেন। দলে মোদি-ঘনিষ্ঠ বলে পরিচিত স্মৃতিকে টিকিট দিতে বিজেপির তাই অসুবিধে হয়নি। তা ছাড়া রাজ্যসভার সদস্য বলে স্মৃতিকে এই দায়িত্ব দেওয়ায় ঝুঁকিও নেই বিন্দুমাত্র।
আমেথিতে রাহুলকে অবশ্য প্রথম চ্যালেঞ্জ জানিয়েছিলেন আম আদমি পার্টির কবি কাম রাজনীতিক কুমার বিশ্বাস। ভোটের দিন ঘোষণার অনেক আগে তিনি নিজেই রাহুলের প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজের নাম ঘোষণা করেছিলেন। পরে দল তাঁর সেই ইচ্ছাকে মর্যাদা দেয়। সেই থেকে কুমার বিশ্বাস আমেথিতে এমনই ঘাঁটি গেড়েছেন যে, দিল্লি আসার নামগন্ধও একবারের জন্য করেননি। এবার স্মৃতি ইরানিও রাহুলকে চ্যালেঞ্জ জানানোয় আমেথির লড়াইটা জমে গেল।
কংগ্রেসের এক নম্বর পরিবারের বিরুদ্ধে সমাজবাদী পার্টি কোনো এক অজ্ঞাত কারণে প্রার্থী দেয়নি। বহুজন সমাজ পার্টিও প্রার্থী দেয়, দিতে হয় বলেই। আম আদমি পার্টি ও বিজেপির সেই দায় নেই। ফলে ত্রিমুখী লড়াইয়ে কে জেতে কে হারে, সেই আগ্রহ দানা বাঁধতে শুরু করল। ২০০৪ ও ২০০৯ সালে জেতা রাহুলের কাছে এবারের লড়াইটা সেই অর্থে কঠিনতম।
সোনিয়ার কাছে লড়াইটা অবশ্য ততটা কঠিন নয়, বিজেপি যেহেতু নামে ভারী কোনো প্রার্থী খুঁজে পায়নি। শেষ পর্যন্ত বিজেপি যাঁকে বেছে নিল, সেই অজয় আগরওয়াল একটা সময় পর্যন্ত এই সমালোচনা করছিলেন যে, বিজেপি ইচ্ছা করেই সোনিয়ার বিরুদ্ধে কাউকে দাঁড় করাচ্ছে না। সেই সমালোচনার মুখে বিজেপি তাদের সাবেক সন্ন্যাসিনী মুখ্যমন্ত্রী (মধ্যপ্রদেশ) উমা ভারতীকে রায়বেরিলির জন্য ভেবেছিল। কিন্তু ততদিনে উমা ঝাঁসি থেকে দাঁড়িয়ে পড়েছেন। প্রচারও শুরু করে দিয়েছেন। তার ওপর সোনিয়ার সঙ্গে টক্কর দিতেও তিনি নিমরাজি। শেষ পর্যন্ত বিজেপি তাঁকে ঝাঁসির পাশাপাশি রায়বেরিলি থেকেও দাঁড়ানোরও প্রস্তাব দেয়। কিন্তু উমা রাজি হননি। ফলে শিকে ছিঁড়ল অজয় আগরওয়ালের ভাগ্যে।
হেভিওয়েট প্রার্থীদের বিরুদ্ধে শেষ চমকটা কংগ্রেস এখনো তুলে রেখেছে। বারানসিতে নরেন্দ্র মোদির বিরুদ্ধে কাকে দাঁড় করাবে, কংগ্রেস এখনো তা ঠিক করে উঠতে পারেনি। সেই অর্থে মোদির চ্যালেঞ্জার এখনো অরবিন্দ কেজরিওয়াল। শহরের মুসলমান জনতা এখনো ঠিক করতে পারেননি, মোদিকে ঠেকাতে কাকে তাঁরা বেছে নেবেন। সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি ও কংগ্রেসের কাছে একটা প্রস্তাব দিয়েছেন জেলবন্দী রাজনীতিক মুখতার আনসারির ভাই। সবাই মিলেমিশে একজন প্রার্থী দিক। কংগ্রেস তাতে আগ্রহী নয়। মোদির বারানসি তাই এখনো দোদুল্যমান।