রাহুলের সামনে অপেক্ষা করছে গঞ্জনা

ভারতের ঐতিহ্যবাহী গান্ধী পরিবারের সদস্য ও কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধীর সামনে অবমাননাকর পরিস্থিতি অপেক্ষা করছে। আজ শুক্রবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটাই আভাস দেওয়া হয়।
প্রতিবেদনে জানানো হয়, আজ লোকসভা নির্বচনের ফল গণনা করা হচ্ছে। সব জরিপেই এগিয়ে বিজেপি। কংগ্রেসের ভরাডুবির আভাস দেওয়া হয়েছে। এই পরাজয়ের দায় রাহুলকেই নিতে হবে।
রাহুলের নেতৃত্ব ও যোগ্যতা নিয়ে আগেও বিস্তর সমালোচনা ছিল। তাঁকে ‘গুরুত্বহীন যুবরাজ’ বলে ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি উপহাস করে আসছেন। এ ধরনের কটাক্ষ করার নতুন মওকা পেলেন তিনি।
অনেকেই ইতিমধ্যে বলতে শুরু করেছেন, রাজনীতিবিদ হিসেবে রাহুল ব্যর্থ।
নির্বাচনী প্রচারের সময় জনগণের কাছে যাওয়ার চেষ্টা করেছেন রাহুল। তবে এ কাজে তাঁর সাফল্য প্রশ্নবিদ্ধ। বরং রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে নাম না লিখেও রাহুলকে ছাড়িয়ে গেছেন বোন প্রিয়াঙ্কা।
মা সোনিয়া, বাবা রাজীব ও দাদি ইন্দিরা দারুণভাবে কংগ্রেসকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু রাহুলের দুর্বল নেতৃত্ব দলের জন্য এখন পর্যন্ত কোনো সুখবর বয়ে আনেনি।
বয়সে তরুণ রাহুলের বিরুদ্ধে কেলেঙ্কারির কোনো অভিযোগ নেই। কিন্তু দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তিনি ব্যর্থ হয়েছেন। মনমোহন সরকারে বড় কোনো দায়িত্ব নেওয়ার ক্ষেত্রেও তাঁর অনীহা ছিল লক্ষণীয়।
সর্বশেষ ভারতের বিদায়ী প্রধানমন্ত্রী মনমোহন সিংকে দেওয়া কংগ্রেসের বিদায়ী নৈশভোজ ও সংবর্ধনায় উপস্থিত না থেকে আরেকবার অদূরদর্শিতার পরিচয় দিয়েছেন রাহুল।
গত বুধবার মনমোহনের সম্মানে কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী একটি বিদায়ী সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন করেন। ওই গুরুত্বপূর্ণ সময়ে বিদেশে অবস্থান করছিলেন রাহুল। গতকাল বৃহস্পতিবার দেশে ফিরেছেন তিনি। মনমোহনের বিদায়ী সংবর্ধনা এড়াতেই রাহুল অনুষ্ঠানের আগের দিন বিদেশে পাড়ি জমিয়েছিলেন বলে গুঞ্জন রয়েছে। এ ঘটনায় কঠোর সমালোচনার মুখে পড়েছেন তিনি। নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি হলে রাহুলকে আরও অনেক গঞ্জনাই সইতে হবে।