রাহুলের 'প্রধানমন্ত্রীত্বে' সোনিয়ার না
ভারতের ক্ষমতাসীন কংগ্রেস পার্টির সহ-সভাপতি রাহুল গান্ধী দলটির প্রধানমন্ত্রী প্রার্থী হচ্ছেন বলে গুঞ্জন ছিল দিনভর। তবে শেষ বেলায় বাধা হয়ে দাঁড়ালেন তাঁর মা ও কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী।
এনডিটিভির এক খবরে বলা হয়, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির এক বৈঠকে রাহুল আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রচারণায় নেতৃত্ব দেবেন বলে সিদ্ধান্ত হয়। সোনিয়ার সিদ্ধান্ত অনুযায়ী, তিনি কংগ্রেসদলীয় প্রধানমন্ত্রী প্রার্থী হচ্ছেন না।
ওই বৈঠকে উপস্থিত কংগ্রেসের অনেক নেতা রাহুলকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণার পক্ষে ছিলেন। কিন্তু সোনিয়া গান্ধীর মতে, কংগ্রেস ঐতিহ্যগতভাবে ভোটের আগে কাউকে প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা করে না।
ওই বৈঠকে উপস্থিত কংগ্রেস নেতা জনার্দন দ্বিবেদি জানান, রাহুল কংগ্রেসের নিবেদিত সৈনিক হতে চান। দল যে দায়িত্ব দেবে, সেটাই তিনি করতে রাজি আছেন।
আজকের ওই বৈঠকে উত্থাপিত প্রস্তাবটি আগামীকাল কংগ্রেসের হাজার হাজার নেতা-কর্মীদের উপস্থিতিতে এক গোপন সভায় অনুমোদন করা হবে।
চলতি বছরের সেপ্টেম্বরে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) গুজরাটের মূখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁদের প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা করে। এ ঘোষণার পর কংগ্রেসের সূত্রগুলো জানায়, দলের জ্যেষ্ঠ নেতারা মোদির বিপরীতে রাহুলকে দাঁড় করাতে চান না। কারণ মোদির প্রচারণার ধরন রাহুলের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক ও গতিশীল।