রাহুলেরই বিরোধী দলের নেতা হওয়া উচিত: দিগ্বিজয় সিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কংগ্রেসের সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিং
কংগ্রেসের সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিং

কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীরই লোকসভায় বিরোধী দলের নেতা হওয়া উচিত। দলটির সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিং এমনটাই মনে করেন।
আজ বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক প্রতিবেদনে দিগ্বিজয় সিং বলেন, ‘আমি দৃঢ়ভাবে মনে করি, তিনিই নেতা এবং সামনে থেকে তাঁকে নেতৃত্ব দিতে হবে। তাঁরই বিরোধী দলের নেতা হওয়া উচিত।’
লোকসভায় বিরোধী দলের আসনে কে নেতৃত্ব দিতে পারেন—এ সিদ্ধান্ত সামনে রেখে দিগ্বিজয় সিং এ কথা বলেন।
লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর রাহুল গান্ধীর নেতৃত্বের বিষয়টি নিয়ে এখন কঠোর সমালোচনা চলছে। নেতৃত্ব দেওয়ার মতো তাঁর আদৌ যোগ্যতা রয়েছে কি না, এ প্রশ্নও তুলেছেন অনেকে। সিং বলেন, একমাত্র রাহুল গান্ধীই কংগ্রেসের নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত।
কংগ্রেসের পরাজয়ের পর দলের মধ্যে অনেকে বলেছেন, দলকে পুনরায় সংগঠিত করতে সরাসরি নেতৃত্বে কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর আসা উচিত। লোকসভায় তিনি বিরোধী দলের নেতা হতে পারেন। লোকসভায় বিরোধী দলের নেতা হিসেবে অভিজ্ঞ সাংসদ কামাল নাথের নামও এসেছে।

আরেক পক্ষ মনে করছে, লোকসভায় বিরোধী দলের আসনে কেবলমাত্র রাহুল গান্ধীই বসতে পারেন। তাঁরা মনে করেন, বিরোধী দলের নেতার আসনে বসার ব্যাপারে রাহুলের অস্বস্তিতে ভোগার কোনো কারণ নেই।

তবে লোকসভায় বিরোধী দলের নেতা হিসেবে রাহুল প্রবল আত্মবিশ্বাসী নরেন্দ্র মোদির কতটা মুখোমুখি হতে পারবেন, এ নিয়েও দলের মধ্যে একধরনের চিন্তাভাবনা চলছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিং  মনে করেন, লোকসভায় রাহুল গান্ধী বিরোধী দলের নেতা হলেও সোনিয়া গান্ধীই দলের নেতৃত্বে থাকবেন।