ব্রিটিশ ব্যবসায়ী নেইল হেইউডকে হত্যার অভিযোগে চীনের সাবেক আইনপ্রণেতা ও প্রভাবশালী রাজনীতিবিদ বো শিলাইয়ের স্ত্রী গু কাইলাইয়ের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিচারকাজ শেষ হয়েছে।হেফেই নগরের একটি আদালতে গতকাল বৃহস্পতিবার দীর্ঘ আট ঘণ্টার এক রুদ্ধদ্বার শুনানির মধ্য দিয়ে এ বিচারকাজ শেষ হয়। তবে এ দিন কোনো রায় ঘোষণা করা হয়নি। কবে এ রায় দেওয়া হতে পারে, সে সম্পর্কেও কোনো আভাস মেলেনি।দেশটির কর্তৃপক্ষ গু কাইলাইকে ওই ব্যবসায়ী হত্যার মূল অভিযুক্ত ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে। তিন দশক আগে চীনা সংস্কৃতিক বিপ্লবকে কেন্দ্র করে দেশটির কমিউনিস্ট পার্টির চার কর্মকর্তাকে (গ্যাং অব ফোর নামে পরিচিত) বিচারের মুখোমুখি করার পর এ বিচারকেই দেশটির সবচেয়ে আলোচিত ঘটনা হিসেবে দেখা হচ্ছে। স্ত্রী গু কাইলাইয়ের এই মামলার জেরে চংকিং কমিউনিস্ট পার্টির সেক্রেটারি বো শিলাইয়ের রাজনৈতিক জীবনের অবসান ঘটে। গত এপ্রিলে তাঁকে দল থেকে সরিয়ে দেওয়া হয়। বিবিসি।